বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:৪১ অপরাহ্ণ

১৮ হাজারের বেশি অংশীদার নিয়ে ‘পার্টনারভার্স’ চালু করল ক্যাসপারস্কি

নিজস্ব প্রতিবেদক

বিশ্বজুড়ে ১৮ হাজারের বেশি অংশীদারকে এক প্ল্যাটফর্মে তুলে ধরতে ‘পার্টনারভার্স’ নামে একটি ইন্টার‌্যাকটিভ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের বৈশ্বিক পার্টনার নেটওয়ার্কের বিস্তৃতির পাশাপাশি আইটি চ্যানেলের পরিবর্তনশীল ভূমিকা এবং যৌথ দক্ষতা ও উদ্ভাবনের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সহযোগিতামূলক ইকোসিস্টেমকে তুলে ধরেছে।

পার্টনারভার্স প্ল্যাটফর্মে ক্যাসপারস্কির অংশীদার প্রতিষ্ঠানগুলোকে ছয়টি আঞ্চলিক সিস্টেমে আলাদা আলাদা ‘প্ল্যানেট’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। অংশীদারদের সেল, ম্যানেজ ও ডিপলয় এই তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান খুঁজে নিতে পারবেন কিংবা অঞ্চল অনুযায়ী অংশীদারদের তালিকা দেখতে পারবেন।

প্রতিটি ‘প্ল্যানেটের’ কক্ষপথে ওই অংশীদার ক্যাসপারস্কির কতগুলো প্রোগ্রাম ক্যাটাগরিতে যুক্ত রয়েছে, তা দেখানো হয়। প্ল্যানেটের রঙের মাধ্যমে অংশীদারের মেটাল স্ট্যাটাসও বোঝানো হয়। সিলভার অংশীদারদের মৌলিক দক্ষতা, গোল্ড উন্নত পর্যায়ের দক্ষতা এবং প্ল্যাটিনাম সর্বোচ্চ বিক্রয় ও সার্টিফিকেশন অর্জনের স্বীকৃতি নির্দেশ করে। অংশীদারদের প্রোফাইল থেকে সরাসরি ক্যাসপারস্কির পার্টনার লোকেটর-এও যাওয়া যায়।

প্ল্যাটফর্মটির অন্যতম আকর্ষণ ‘হিস্ট্রোরি’ বিভাগ। এখানে ক্যাসপারস্কির পার্টনার প্রোগ্রামের বিকাশের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। এছাড়া ‘হল অফ অর্বিট’ বিভাগে গ্লোবাল পার্টনার কনফারেন্স-এ পুরস্কার পাওয়া অংশীদারদের স্বীকৃতি দেওয়া হয়েছে। আর ‘হিরো কেস’ বিভাগে বাস্তব সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় অংশীদারদের সঙ্গে ক্যাসপারস্কির সহযোগিতার উদাহরণ তুলে ধরা হয়েছে।

সম্ভাব্য নতুন অংশীদারদের জন্য প্ল্যাটফর্মে ‘বিকাম এ পার্টনার’ অপশনও রাখা হয়েছে। এর মাধ্যমে আগ্রহী প্রতিষ্ঠানগুলো ইউনাইটেড পার্টনার পোর্টালে-এ গিয়ে ক্যাসপারস্কির সঙ্গে সহযোগিতার সুযোগ সম্পর্কে জানতে এবং বৈশ্বিক পার্টনার ইকোসিস্টেমে যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবে।

ক্যাসপারস্কির গ্লোবাল হেড অব চ্যানেল ইউরি নভিকভ বলেন, “আমাদের ব্যবসার কেন্দ্রে অংশীদাররা রয়েছেন। ক্রমেই জটিল হয়ে ওঠা সাইবার হুমকির সময়ে প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ রাখতে তাদের সঙ্গে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্টনারভার্সের মাধ্যমে আমরা দেখাতে চাই, আমাদের অংশীদাররা শুধু সহযোগী নন; তারা আমাদের বিশ্বস্ত প্রতিনিধি এবং একটি বৃহৎ বৈশ্বিক ইকোসিস্টেমের অংশ। বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের গ্রাহকের কাছে আমাদের মূল্যবোধ, দক্ষতা ও সাইবার নিরাপত্তার অঙ্গীকার পৌঁছে দিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”

তিনি আরও বলেন, “সম্ভাব্য অংশীদারদের পার্টনারভার্স ঘুরে দেখার, কীভাবে আমরা তাদের ব্যবসাকে আরও এগিয়ে নিতে পারি তা জানার এবং বিশ্বস্ত সাইবার নিরাপত্তা অংশীদার হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।”

আরো