বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশনের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে আমরা তিনটি মনোনয়নপত্র পেয়েছি। এর মধ্যে ১১ দলীয় ঐক্যের পক্ষে দু’টি এবং সরকারি দল-বিএনপির পক্ষ থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম)। নির্ধারিত সময় পর্যন্ত কোনো মনোনয়নপত্র প্রত্যাহার হয়নি।

তিনি বলেন, বিশ্ববাসী এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে যে, কে রাষ্ট্রপতি হচ্ছেন। তবে প্রতিষ্ঠান হিসেবে এ ধরনের নির্বাচনে আমাদের দক্ষতা খুব বেশি নয়। তারপরও যা কিছু সম্ভব, আমরা সব করেছি। এ ব্যাপারে আমরা সবার সহযোগিতা পাচ্ছি।

নির্বাচনের ফলাফল ঘোষণা প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দিন বলেন, সিইসি বা নির্বাচনি কর্তা হিসেবে যাচাই-বাছাই শেষে আমি যে ফল ঘোষণা করব, সেটিই চূড়ান্ত। আর ভোটের দিনই ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। এ সময় ভোট দেয়ার পর ভোটাররা সংসদে অবস্থান করতে পারবেন এবং গণনার সময়ও তারা উপস্থিত থাকতে পারবেন বলেও জানান সিইসি।

উল্লেখ্য, গত ২৪ জুলাই পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর নিয়ম অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেন। পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য।

আরো