ঢাবিতে নাগাসাকি দিবস স্মরণে সেমিনার ও শান্তি র্যালি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট (আভাই) ও জাপানের জেরো প্লাস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে নাগাসাকি দিবস স্মরণে সেমিনার ও শান্তি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট ২০২৬ তারিখে আভাই মিলনায়তনে আয়োজিত সেমিনারে নাগাসাকি থেকে আগত জেরো প্লাস কোম্পানির প্রেসিডেন্ট মিজ আইয়াকো কাওয়াসাকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল আলম বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় জাপান দূতাবাসের কালচারাল সেকশনের প্রধান মি. ইয়ু আওইয়াগি এবং জেরো প্লাস কোম্পানির চেয়ারম্যান মি. তাকাশি কাওয়াসাকি। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন আভাই পরিচালক অধ্যাপক মোহাম্মদ আসরার কামাল।
সেমিনারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ও পরবর্তী সময়ে নাগাসাকির ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং ধীরে ধীরে একটি উন্নত নগরীতে পরিণত হওয়ার ইতিহাস তুলে ধরা হয়। বক্তারা শান্তির প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রথম জাপানি ভাষা রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম হন আভাইয়ের শিক্ষার্থী সুরাইয়া আক্তার সুমি। দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে জেরো আইসি অ্যান্ড জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের মো. শাহীন আহমেদ ও রাফিয়া তাসনিম।
অনুষ্ঠানের শেষপর্বে নাগাসাকি থেকে আগত অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জেরো আইসির শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে শান্তি র্যালি বের হয়। র্যালিটি আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।
