রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ

দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন রাষ্ট্রপতি। বেলা ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তার অবতরণের কথা রয়েছে। সেখান থেকে তিনি জেলা সার্কিট হাউসে যাবেন। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

এরপর শহরের সেনুয়া পাড়ায় পারিবারিক কবরস্থানে যাবেন রাষ্ট্রপতি। সেখানে তার বাবা ও সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) এবং মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন তিনি। পরে শহরের কালীবাড়িতে নিজের বাসভবনে যাবেন।

বাসভবনে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন মির্জা ফখরুল। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে।

সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি আবার নিজ বাসভবনে ফিরবেন। সেখানে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে তিনি ওই বাসভবনেই অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। কর্মসূচি শেষে নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার ও বিশ্রাম নেবেন। পরে সার্কিট হাউসে গিয়ে সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে তাকে স্বাগত জানাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক বলেন, রাষ্ট্রপতির দুই দিনের সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সফরের প্রতিটি কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) বেলাল হোসেন বলেন, রাষ্ট্রপতির সফরকে ঘিরে জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার যাতায়াতের পথ, কর্মসূচির স্থান এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে বিশেষ নিরাপত্তার আওতায় আনা হয়েছে। এসব এলাকায় প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

পুলিশ সুপার আরও বলেন, রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরো