বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ

ডিটিসিএ এবং ভিশনস্প্রিং এর উদ্যোগে চালকদের দৃষ্টি পরীক্ষা

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ভিশনস্প্রিং বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে চালকদের জন্য বিশেষ দৃষ্টি পরীক্ষা ও বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। আজ বৃহষ্পতিবার রাজধানীর ডিটিসিএ ভবনে এই কর্মসূচি পালিত হয়।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সুস্পষ্ট দৃষ্টিশক্তির গুরুত্ব তুলে ধরা এবং চালক ও যাত্রী উভয়ের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সহায়তা করা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন চালক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী চালকদের দৃষ্টি পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা প্রদান করা হয়। পর্যায়ক্রমে ১০০০ জন চালককে এ সেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সচিব) জনাব মোহাম্মদ মসিউর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ, এমপি বলেন, “নিরাপদ সড়ক শুধু উন্নত অবকাঠামো বা কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার ওপর নির্ভর করে না; এর সঙ্গে চালকদের স্বাস্থ্য, সক্ষমতা ও দৃষ্টিশক্তিও সরাসরি সম্পৃক্ত। তাই চালকদের নিয়মিত চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সড়ক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে দেশের বিভিন্ন অঞ্চলের গাড়িচালকদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে আমি আশা করি।”

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-এর নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ মসিউর রহমান তার বক্তব্যে বলেন, “সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন প্রয়োগের পাশাপাশি একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পেশাদার চালকদের সুস্থতা ও বিশেষ করে সুস্পষ্ট দৃষ্টিশক্তি নিরাপদ যান চলাচল ও দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিটিসিএ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপদ ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ভিশনস্প্রিং-এর সঙ্গে এই যৌথ উদ্যোগ চালকদের সক্ষমতা নিশ্চিতকরণ এবং প্রতিরোধমূলক সড়ক নিরাপত্তা কার্যক্রম জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডিটিসিএ ভবিষ্যতেও সকল অংশীজনকে সঙ্গে নিয়ে নিরাপদ সড়ক ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করে যাবে।”

ভিশনস্প্রিং বাংলাদেশ-এর প্রকল্প পরিচালক মোহাম্মদ শাহরোজ জলিল বলেন, “গত এক বছরে আমরা বাংলাদেশে ৩০,০০০-এর বেশি চালক ও পরিবহন খাতের কর্মীদের দৃষ্টি পরীক্ষা করেছি এবং যাদের দৃষ্টি সংশোধনের প্রয়োজন ছিল তাদের মধ্যে ২৪,০০০-এর বেশি ব্যক্তিকে চশমা প্রদান করেছি। এই উদ্যোগে DTCA, BRTC, BRTA এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ সহযোগিতা ও সমর্থন পেয়েছি।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সুস্পষ্ট দৃষ্টিশক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডিটিসিএ-এর সঙ্গে আমাদের এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা চালক ও পরিবহন কর্মীদের জন্য সহজলভ্য দৃষ্টি সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম সম্প্রসারণ এবং আরও বেশি মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার প্রত্যাশা করছি।”

আরো