শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ

কম গাড়িতে বাসযোগ্য নগরীর বার্তা

ক্রমবর্ধমান যানজট, দূষণ ও উন্মুক্ত স্থানের সংকটের মধ্যে ‘কম গাড়ি, বাসযোগ্য নগরী’ প্রতিপাদ্যে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও মোহাম্মদী হাউজিং সোসাইটির যৌথ উদ্যোগে শনিবার রাজধানীর মোহাম্মদী হাউজিং সোসাইটির ২ নম্বর সড়কে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে বিস্কুট দৌড়, সুই-সুতো দৌড় ও মারবেল দৌড়সহ বিভিন্ন দেশীয় খেলার আয়োজন করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজনস্থল দেশীয় পাখি ও বৃক্ষের ছবি দিয়ে সাজানো হয়। পরে খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকেরা বলেন, ব্যক্তিগত গাড়ির আধিক্যের কারণে সড়কে মানুষের চলাচল ও সামাজিক কর্মকাণ্ডের সুযোগ কমে যাচ্ছে। কম ব্যস্ত সড়কে নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল বন্ধ রেখে শিশুদের খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করা হলে নিরাপদ পরিবেশের পাশাপাশি সামাজিকীকরণের সুযোগ তৈরি হবে।

অতিথিরা বলেন, ব্যস্ত সড়ক ও যান্ত্রিক যানবাহনের আধিক্যের কারণে শিশু-কিশোরদের নিরাপদে বাইরে খেলাধুলার সুযোগ সীমিত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে নির্দিষ্ট সময়ে সড়ক সাময়িকভাবে এলাকাবাসীর জন্য উন্মুক্ত করা হলে কম গাড়িনির্ভর, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তোলায় তা কার্যকর ভূমিকা রাখতে পারে।

বর্তমানে বিশ্বের প্রায় ৪ হাজার শহরে প্রতিবছর বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালিত হয়। বাংলাদেশে ২০০৬ সাল থেকে বেসরকারি সংগঠনের উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে। ২০১৬ সাল থেকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সমন্বয়ে সরকারি ও বেসরকারি সংস্থার সম্মিলিত উদ্যোগে দিবসটি উদযাপন করা হচ্ছে।

অনুষ্ঠানে মোহাম্মদী ইয়ুথ ক্লাব, কারফ্রি সিটিস অ্যালায়েন্স বাংলাদেশ, আন্তর্জাতিক কারফ্রি সিটিস অ্যালায়েন্স, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল, ধানমন্ডি কচিকণ্ঠ হাই স্কুল, বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং আয়োজক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো