বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ

চিকিৎসা খাতে আগের সরকারের উল্লেখযোগ্য উন্নয়ন নেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশের জেলা পর্যায়ের হাসপাতালে ১০টি এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, আগের সরকারের সময়ে চিকিৎসা খাতের উন্নয়নে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমদানি করা কিছু মেশিনও ব্যবহার অনুপযোগী ছিল বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, স্বাস্থ্য খাতে বিপুল অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

তিনি বলেন, এবারই প্রথম স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে রাজধানীর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কিছুটা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, অনেকেই বুকের ব্যথাকে গ্যাসের সমস্যা মনে করে অবহেলা করেন। তবে যেকোনো ধরনের বুকের ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান ও তামাক পরিহার, অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার কমানো এবং নিয়মিত ব্যায়ামের পরামর্শ দেন তারা।

আরো