রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ

বাংলাদেশ পর্যটন পুরস্কার পেলো ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন, ডিজিটাল উদ্ভাবনসহ বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেয়েছেন ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পর্যটন পুরস্কার প্রদান অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে পদক তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।
মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারের সভাপতিত্বে “ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” শীর্ষক আলোচনা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামানসহ পর্যটন সম্পর্কিত অংশীজনরা অন্যান্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান উপলক্ষে দেয়া ভিডিও বার্তায় ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুওইস বাংলাদেশের পর্যটন খাতের বিকাশের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটনের প্রসারে অংশীজনদের উন্মুক্তভাবে সহযোগিতা করতে চায় সরকার। এই বছরের মধ্যেই পর্যটন মাস্টারপ্ল্যান চূড়ান্ত হচ্ছে উল্লেখ করে পর্যটনমন্ত্রী বলেন, টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাপূর্ণ পর্যটন যাতে গড়ে ওঠে এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) উদ্যোগে এ পুরস্কারের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়। পরে সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড যাচাই-বাছাই শেষে ১৬টি ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচন করে।
পুরস্কার পেয়েছে যারা:
বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ: শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্টস ফর ফুড কস্ট অপ্টিমাইজেশন
বর্ষসেরা পাঁচ তারকা হোটেল: ইন্টারকন্টিনেন্টাল ঢাকা
বর্ষসেরা চার তারকা হোটেল: হোটেল আগ্রাবাদ
বর্ষসেরা তিন তারকা হোটেল: হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচটিপিএলসি
বর্ষসেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর: দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড
বর্ষসেরা ডোমেস্টিক ট্যুর অপারেটর: শেয়ারট্রিপ লিমিটেড
বর্ষসেরা বিনোদন পার্ক: ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স
বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তা: বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার
বর্ষসেরা হোমস্টে: চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস
বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর: আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন)
বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ: বিডি টিকিটস
বর্ষসেরা পর্যটন নারী উদ্যোক্তা: নুরানী শারমিন আফরোজ
বর্ষসেরা ট্যুরিস্ট ভেসেল: এম ভি মালঙ্গি
বর্ষসেরা ট্যুর গাইড: মো. সারোয়ার জাহান (মিঠু)
বর্ষসেরা মাইস উদ্যোগ: সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড
বর্ষসেরা পর্যটন সাংবাদিকতা: নাঈম আবির

পরে পর্যটন পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।
এর আগে বিমান ও পর্যটনমন্ত্রী অনুষ্ঠান উপলক্ষে প্রদর্শিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দেশের ঐতিহ্যবাহী পর্যটন সম্পর্কিত বিভিন্ন পণ্যের বৈশ্বিকভাবে প্রচারণার ওপর গুরুত্ব দেন।

আরো