বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ

ফের কমল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ সামান্য কমে ৩৬ দশমিক ১২ বিলিয়ন ডলারে নেমেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলারে।

বুধবার (৭ অক্টোবর) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর দেশের মোট রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার। ওই সময় বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ২৯ বিলিয়ন ডলার। অর্থাৎ সর্বশেষ হিসাবে নিজস্ব হিসাবের রিজার্ভ ২০ লাখ ডলার কমলেও বিপিএম-৬ অনুযায়ী তা ২ লাখ ডলার বেড়েছে।

এর আগে ২০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী এ রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

১৬ সেপ্টেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। ১০ সেপ্টেম্বর এ দুই হিসাবে রিজার্ভের পরিমাণ ছিল যথাক্রমে ৩৬ দশমিক ২৭ বিলিয়ন ও ৩১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।

এদিকে ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে তখন রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এর জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল বাবদ ১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়। এর প্রভাবে ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ কমে দাঁড়ায় ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে। একই সময়ে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

এরও আগে ১ সেপ্টেম্বর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে ছিল ৩৭ দশমিক ৪০ বিলিয়ন ডলার। আর আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৪৯ বিলিয়ন ডলার।

আরো