বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ

জাপানে যাচ্ছেন ১৭ বিচারক, ৬ আইনজীবী

বিচারপ্রাপ্যতা নিশ্চিতকরণ এবং আইনি সেবা সম্প্রসারণ সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে জাপান যাচ্ছেন ১৭ জন বিচারক ও ৬ জন আইনজীবীসহ মোট ২৩ জন প্রতিনিধি।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে আগামী ১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এ উচ্চতর প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

বুধবার (৭ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পরিকল্পনা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিনিধি দলটিতে বিচারক, মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, সুপ্রিম কোর্ট প্রশাসন, লিগ্যাল এইড কর্মকর্তা এবং জেলা বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আইনজীবীরা রয়েছেন।

জাপানগামী দলে রয়েছেন— নরসিংদীর জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মঞ্জুরুল হোসেন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মো. মাসুম বিল্লাহ, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্টার এএইচএম তোয়াহা, হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মাজহারুল হক, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুদ্দীন হোসাইন, মোঃ মঈনউদ্দিন কাদির ও মুহাম্মদ আশেকুর রহমান।

এছাড়াও তালিকায় আছেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. ফরিদুজ্জামান, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফুজ্জামান, কুমিল্লার চিফ লিগ্যাল এইড অফিসার মনিকা খান, বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান, নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তৌহিদ আল আজাদ, ঝিনাইদহের সিনিয়র দেওয়ানি জজ অনুশ্রী রায়, বগুড়ার দেওয়ানি জজ মো. রকিবুল হাসান এবং বরিশালের দেওয়ানি জজ মো. জাহিদুল ইসলাম।

আইনজীবীদের মধ্যে রয়েছেন— নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মোহাম্মদ আলী, মোহাম্মদ কাইয়ুম ও আফরোজা বেগম এবং কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী আয়েশা বেগম, সরকার গিয়াস উদ্দিন মাহমুদ ও শাহিদা আনোয়ার।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশিক্ষণ ও ভ্রমণের সময়কালকে অংশগ্রহণকারীদের কর্মকালীন (অন ডিউটি) হিসেবে গণ্য করা হবে। এই সফরের যাবতীয় ব্যয়ভার বহন করবে জাইকা। এতে বাংলাদেশ সরকারের স্থানীয় বা বৈদেশিক মুদ্রার কোনো খরচ হবে না। প্রতিনিধি দলটি ১ নভেম্বর বা তার নিকটবর্তী সুবিধাজনক সময়ে জাপানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে এবং প্রশিক্ষণ শেষে ১৪ নভেম্বর দেশে ফিরবে।

আরো