বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ

জেডকমার্সে অনলাইনে ৪০০ নারী উদ্যোক্তা

রাজশাহীর ৪০০ নারী উদ্যোক্তাকে ডিজিটাল বাণিজ্যের আওতায় আনতে রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব করেছে এসএসএলকমার্সের সহযোগিতায় পরিচালিত ই-কমার্স সক্ষমতা প্ল্যাটফর্ম জেডকমার্স।

৮ অক্টোবর রাজশাহীতে অনুষ্ঠিত এক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এ অংশীদারিত্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর ফলে চেম্বারের ৪০০ সদস্য পেশাদার ডিজিটাল স্টোর, নিরাপদ অনলাইন পেমেন্ট ও ব্যবসা ব্যবস্থাপনার আধুনিক সুবিধা পাবেন। একই সঙ্গে রাজশাহীর স্থানীয় বাজারের গণ্ডি পেরিয়ে সারাদেশে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

জেডকমার্স এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে কোনো কোডিং বা প্রযুক্তিগত জ্ঞান ছাড়াই উদ্যোক্তারা কয়েক মিনিটের মধ্যে নিজেদের অনলাইন স্টোর চালু করতে পারেন। এতে পণ্যের তালিকা তৈরি, অর্ডার ও সরবরাহ ব্যবস্থাপনা, স্টোরের লিংক শেয়ার এবং এসএসএলকমার্সের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিরাপদ ডিজিটাল লেনদেনের সুবিধা রয়েছে।

অংশীদারিত্বের বিষয়ে এসএসএলকমার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রাইয়ান এস. ইসলাম বলেন, “দেশের বৃহত্তম অনলাইন পেমেন্ট সক্ষমতাদাতা হিসেবে ডিজিটালভাবে দক্ষ, লেনদেনে স্বাধীন এবং ভবিষ্যৎমুখী বাংলাদেশ গঠনে আমাদের ভূমিকা রয়েছে। এই যাত্রায় রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে অংশীদার হিসেবে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত।”

রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন বলেন, “জেডকমার্সের মাধ্যমে তারা একটি পেশাদার স্টোর, নিরাপদ পেমেন্ট এবং সারাদেশে বিক্রি করার আত্মবিশ্বাস পাবেন। রাজশাহীর নারীদের জন্য এই সুযোগ নিয়ে আসতে পেরে আমরা গর্বিত।”

স্বাক্ষর অনুষ্ঠানের পর চেম্বারের সদস্যদের জন্য ডিজিটাল ব্যবসা সক্ষমতা বৃদ্ধির কর্মশালা আয়োজন করা হয়। এতে অনলাইন স্টোর তৈরি, পণ্য তালিকা, অর্ডার ও সরবরাহ ব্যবস্থাপনা, নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং ফেসবুক-হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচার ও গ্রাহক সম্পৃক্ততা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

জেডকমার্স সম্প্রতি নাটোর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গেও অংশীদারিত্ব করেছে। এর আওতায় নাটোরের ৩০০ সদস্যকে প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে।

আরো