সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ

কাশিয়াডাঙ্গায় ১৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ পিস ইয়াবাসহ মোঃ মিনহাজুল মুন্না (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ৯টা ৪০ মিনিটে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নতুন হড়গ্রাম এলাকার কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কের রেলক্রসিংয়ের পূর্ব পাশে প্রান্তিক আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন বলে তথ্য পায় আভিযানিক দল। পরে সেখানে অভিযান চালিয়ে মোঃ মিনহাজুল মুন্নাকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ উত্তরপাড়ার বাসিন্দা। তার বাবার নাম মোঃ জয়নাল আবেদিন দুলাল।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ১৪৭ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধার করা আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সংস্থাটি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র ব্যবসায়ী, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো