কমল সোনার দাম
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। গত শুক্রবারের পর আজ (বুধবার) ২য় দফায় কমানো হলো সোনার দাম। এবার ভরিতে কমলো সর্বোচ্চ ২ হাজার ৭৪১ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।
বুধবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে গত শুক্রবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ দুই দফায় সোনার দাম কমেছে মোট ৫ হাজার ৪৮২ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। প্রতি ভরি ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
সোনার গয়নার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২১৬ টাকা।
