বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ

প্রাণ গোবিন্দ কুন্ডু ফিরে পেলেন মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতি

স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ও একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডুর নামের গেজেট সংশোধন নিয়ে দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতার অবসান ঘটেছে। ২০২২ সাল থেকে বিভিন্ন দপ্তরে ঘুরেও যে সমস্যার সমাধান হয়নি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের তাৎক্ষণিক এবং ওয়ানস্টপ সার্ভিসে তা দ্রুততম সময়ের মধ্যে সমাধান হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে পূর্বের গেজেটে ভুলভাবে আসা নামের পরিবর্তে স্বাধীন বাংলা ফুটবল দলের প্রকৃত বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রাণ গোবিন্দ কুন্ডু, পিতা মৃত চিত বিনোদ কুন্ডু, গ্রাম বা মহল্লা লয়েল ট্যাংক রোড, ২৫/বি, ডাকঘর নারায়ণগঞ্জ, উপজেলা নারায়ণগঞ্জ সদর ও জেলা নারায়ণগঞ্জের নাম সরকারি তালিকায় সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় অস্ত্র জমা রেখে স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের মাটিতে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠন করেছিল। ক্রীড়াঙ্গনের এই গর্বিত সদস্যদের একজন ছিলেন প্রাণ গোবিন্দ কুন্ডু। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সব দলিল ও দস্তাবেজে তার নাম সঠিক থাকলেও সরকারি গেজেটে ভুলবশত পবিন্দ কুন্ড, পিতা সুকুমার কুন্ড নাম এবং ভুল ঠিকানা লিপিবদ্ধ হয়েছিল।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরে ২০২২ সাল থেকে সতীর্থদের প্রত্যয়নপত্র, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রমাণপত্র এবং হলফনামাসহ বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা পাচ্ছিলেন না এই ফুটবল যোদ্ধা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালেই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পাঠানোর জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দেয়। সে বছরই জেলা প্রশাসক সুনির্দিষ্টভাবে মন্ত্রণালয়কে নিশ্চিত করেন যে, পূর্বের গেজেটে উল্লিখিত পবিন্দ কুন্ড নামের কোনো ব্যক্তির বাস্তবে কোনো অস্তিত্ব নেই এবং প্রকৃতপক্ষে প্রাণ গোবিন্দ কুন্ডুই স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য। অর্থাৎ ২০২২ সালেই তদন্তে প্রমাণিত হয়, গেজেটে প্রকাশিত ব্যক্তি এবং প্রাণ গোবিন্দ কুন্ডু একই ব্যক্তি।

জেলা প্রশাসকের এমন স্পষ্ট ও দাপ্তরিক নিশ্চিতকরণের পরও ফাইলটি দীর্ঘদিন আমলাতান্ত্রিক জটিলতার গ্যাঁড়াকলে আটকে ছিল। বার্ধক্যের কোঠায় পৌঁছে যাওয়া প্রাণ গোবিন্দ কুন্ডুর একটাই আকুতি ছিল—জীবদ্দশায় যেন সরকারি গেজেটে মুক্তিযোদ্ধা হিসেবে নিজের নামটি সঠিক দেখতে পান।

সম্প্রতি বিষয়টি বর্তমান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের দৃষ্টিগোচরে এলে তিনি এ বিষয়ে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেন। মন্ত্রীর এই আন্তরিক সদিচ্ছা ও দ্রুত হস্তক্ষেপে মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে।

আরো