রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:০৩ পূর্বাহ্ণ

সাইবার হামলায় ভিসা-মাস্টারকার্ডের তথ্য চুরি

নিজস্ব প্রতিবেদক:

প্রাথমিক তদন্তের উল্লেখ করে জেপিমরগ্যান চেজ বলেছে, হ্যাকাররা এসব প্রতিষ্ঠানের কাছে থাকা কিছু বিপণন-সংক্রান্ত তথ্য চুরি করেছে। তথ্যের মধ্যে গ্রাহকদের নাম ও ই-মেইল ঠিকানাও থাকতে পারে।

জেপিমরগ্যান চেজ, ভিসা ও মাস্টারকার্ডের সঙ্গে কাজ করা একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এতে গ্রাহকদের কিছু তথ্য চুরি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান তিনটি। তবে কোনো আর্থিক তথ্য চুরি হয়নি বলে দাবি তাদের। খবর এএফপি।

মার্কিন ব্যাংক জেপিমরগ্যান চেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, তাদের পরিষেবা দেয়ার কাজে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠানে সাইবার হামলা হয়েছে। তবে কোন প্রতিষ্ঠানটি সরাসরি হামলার শিকার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ব্যাংকটি।

প্রাথমিক তদন্তের উল্লেখ করে জেপিমরগ্যান চেজ বলেছে, হ্যাকাররা এসব প্রতিষ্ঠানের কাছে থাকা কিছু বিপণন-সংক্রান্ত তথ্য চুরি করেছে। তথ্যের মধ্যে গ্রাহকদের নাম ও ই-মেইল ঠিকানাও থাকতে পারে। তবে এ ঘটনায় তাদের কোনো সেবা ব্যাহত হয়নি। সপ্তাহের শুরুতে গ্রাহকরা যে তথ্যপ্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছিলেন, তার সঙ্গেও এ হামলার কোনো সম্পর্ক নেই।

জেপিমরগ্যান চেজ, ইউনাইটেড এয়ারলাইনস এমনকি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর কম্পিউটার ব্যবস্থাতেও গত এক সপ্তাহে বিভ্রাট দেখা দেয়। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এসওসিরাডার জানিয়েছে, এনজিরোএন নামে একটি হ্যাকার গোষ্ঠী জেপিমরগ্যান চেজের সঙ্গে কাজ করা একটি প্রতিষ্ঠানে হামলার দায় স্বীকার করেছে। নিজেদের দাবির পক্ষে কিছু নথিও অনলাইনে প্রকাশ করেছে গোষ্ঠীটি।

তবে হ্যাকারদের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এসওসিরাডার। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গোষ্ঠীটির উৎস রাশিয়ায়। গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশের পর থেকে বিশ্বজুড়ে প্রায় ২০০টি প্রতিষ্ঠানের তথ্য ব্যবস্থায় হামলার দাবি করেছে তারা।

বিশ্বের অন্যতম বড় পেমেন্ট সেবা প্রতিষ্ঠান ভিসা জানিয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের সঙ্গে কাজ করা একটি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। তবে তাদের নিজস্ব কম্পিউটার ব্যবস্থায় কোনো হামলা হয়নি। কার্ড নম্বরের মতো লেনদেনসংক্রান্ত তথ্যও ক্ষতিগ্রস্ত হয়নি।

ভিসার প্রধান প্রতিদ্বন্দ্বী মাস্টারকার্ডও একই ধরনের বক্তব্য দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হামলার কারণে তাদের একটি বিশেষ সুবিধা কর্মসূচির আওতায় থাকা কিছু কার্ডধারীর সীমিত তথ্য প্রকাশ হয়ে যায়। সেগুলো অবশ্য লেনদেনসংক্রান্ত নয়। ক্ষতিগ্রস্ত কার্ডধারীদের প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে বলেও জানিয়েছে মাস্টারকার্ড।

আরো