সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ

পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেপ্তার করা হবে: বিজিবি

বিতর্কিত, পলাতক বা ফেরারি কোনো আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি এসব কথা বলেন।

কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ময়মনসিংহ সেক্টরের অধীনে ২৪২ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় তিনটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। সীমান্তে নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ১১টি ঘটনায় ১৪১ জনকে পুশইন থেকে প্রতিহত করা হয়েছে। চারজন মানব পাচারকারীকে আটক এবং ১৩ জনকে পাচারের হাত থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, ৭০ জন মাদক চোরাকারবারিকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়ে বিজিবি সেক্টর কমান্ডার বলেন, কোনো সন্দেহভাজন ব্যক্তি বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। দেশের সার্বভৌমত্ব ও মানুষের জানমাল রক্ষায় সীমান্তে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আরো