নেতৃত্বের নতুন দিকনির্দেশনায় অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট
নিজস্ব প্রতিবেদক:
দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় ভবিষ্যৎ নেতৃত্বের চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং নতুন কৌশল নির্ধারণের আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ আয়োজন ‘১০ম লিডারশিপ সামিট ২০২৬’।
গত ২৩ নভেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়। ইউনাইটেড গ্রুপের পরিবেশনায় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এতে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, আন্তর্জাতিক পর্যায়ের নির্বাহী ও শিক্ষাবিদরা অংশ নেন। এবারের সামিটের প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন. রিডিজাইন. ডেলিভার’। বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন, এলডিসি উত্তরণ এবং দ্রুত প্রযুক্তিগত রূপান্তরের প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, গত এক দশক ধরে এই সামিট দেশের ব্যবসার গতিপথ নির্ধারণকারী নেতাদের একত্রিত করে আসছে। বর্তমান সময়ে এর আলোচনার গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। পুরোনো পথে হেঁটে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই নতুন করে ভাবার সাহস, পুনর্গঠনের শৃঙ্খলা এবং দৃশ্যমান ফল অর্জনের অঙ্গীকার নিয়ে নেতাদের এগিয়ে আসতে হবে।
দিনব্যাপী আয়োজনে চারটি কিনোট সেশন, একটি ফায়ারসাইড কনভারসেশন, একটি কেইস স্টাডি, তিনটি প্যানেল আলোচনা এবং একটি ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়।
কিনোট সেশনে ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির পথ নিয়ে আলোচনা করেন। জিও ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলর এবং চায়না ইউরোপ ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের কো-প্রেসিডেন্ট ও গ্লোবাল অ্যাডভাইজার প্রফেসর দীপক সি. জৈন দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নেতৃত্ব ও প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
এ ছাড়া ট্রু করপোরেশনের গ্রুপ সিইও সিগভে ব্রেকে অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত ও টেকসই প্রতিষ্ঠান গড়ে তোলার কৌশল নিয়ে বক্তব্য দেন। এল ক্যাটারটন ইন্ডিয়ার এক্সিকিউটিভ চেয়ারম্যান সঞ্জীব মেহতা বৃহৎ পরিসরে ব্যবসায়িক রূপান্তরের অভিজ্ঞতা তুলে ধরেন।
সামিটের অন্যতম আকর্ষণ ছিল এক্সক্লুসিভ ফায়ারসাইড কনভারসেশন। এতে অংশ নেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফরহাত আনোয়ার। আলোচনায় তাঁরা দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলা এবং নতুন প্রজন্মের নেতৃত্বের মূল্যবোধ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন।
অন্যান্য প্যানেল আলোচনা ও সেশনে ব্যবসার প্রবৃদ্ধির প্রতিবন্ধকতা দূর করা, সংকট থেকে ব্যবসাকে ঘুরে দাঁড় করানো এবং দক্ষ ও দায়িত্বশীল কর্মী দল গঠনের বিভিন্ন দিক উঠে আসে। কেইস স্টাডিতে বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরা হয়। পাশাপাশি ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশগ্রহণকারীরা আগামী ৯০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
সামিটে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, ইস্টার্ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ, রেনেটা পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এস. কাইসার কবির, আইফাদ গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশের সাবেক চেয়ারম্যান কামরান বাকর এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক রূপালী চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা।
সামিটের দশম আসরের আলোচনায় উঠে আসে, বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দিতে সক্ষম দূরদর্শী নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত এ সামিটের সাপোর্ট পার্টনার ছিল বিএসআরএম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি ও রয়্যাল এনফিল্ড। স্ট্র্যাটেজিক পার্টনার গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স, অফিসিয়াল ক্যারিয়ার পার্টনার টার্কিশ এয়ারলাইনস, নলেজ পার্টনার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ। এ ছাড়া হসপিটালিটি পার্টনার লা মেরিডিয়ান ঢাকা, পিআর পার্টনার ব্যাকপেজ পিআর, ইনোভেশন পার্টনার বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ এবং একাডেমিক পার্টনার ছিল লিডারশিপ একাডেমি।
