গুলশান থানা বিএনপির সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত গুলশান থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ঢাকা-১৭ আসনের নির্বাচন কার্যক্রম নিয়ে সাংগঠনিক প্রস্তুতি, সমন্বয় ও করণীয় বিষয়ে আলোচনা হয়। এ সময় নেতারা নির্বাচনী কৌশল ও মাঠপর্যায়ের কার্যক্রম জোরদারের বিষয়ে মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের নির্বাচনের প্রধান সমন্বয়কারী আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, মহানগর উত্তর যুবদলের সভাপতি শরিফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, গুলশান থানা বিএনপি সদস্য সচিব মো. শাহজাহানসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
