জন্মদিনে ছেলের নাম জানালেন ক্যাটরিনা কাইফ
বলিউডের জনপ্রিয় দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল গত বছরের ৭ নভেম্বর প্রথমবারের মতো বাবা-মা হন। ছেলে সন্তানের জন্মের পর দীর্ঘ সময় ধরে তাকে আড়ালেই রেখেছিলেন এই তারকা জুটি। সন্তানের মুখ তো দূরের কথা, নামও প্রকাশ্যে আনেননি তারা। ফলে ভক্তদের কৌতূহল দিন দিন বাড়ছিল—ছেলের নাম কী রাখা হয়েছে?
অবশেষে সন্তানের জন্মের প্রায় দুই মাস পর সেই অপেক্ষার অবসান ঘটালেন ক্যাটরিনা। নিজের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের হাতের একটি ছবি শেয়ার করে নাম প্রকাশ করেন তিনি।
পোস্টের ক্যাপশনে ক্যাটরিনা লেখেন,“আমাদের আলোর রশ্মি—বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই অসাধারণ। এক মুহূর্তেই আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
‘বিহান’ একটি সংস্কৃত শব্দ, যার অর্থ ভোর বা সকাল। নতুন সূচনার প্রতীক হিসেবেই নামটিকে দেখছেন অনেকে। পোস্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কমেন্ট বক্সে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।
শুধু ভক্তরাই নন, ক্যাটরিনার পোস্টে ভালোবাসা জানিয়েছেন বলিউডের বহু তারকাও। পরিণীতি চোপড়া মন্তব্য করেন, “ছোট্ট বেবিকে অনেক ভালোবাসা।” এছাড়া দিয়া মির্জা, ভূমি পেডনেকার, হৃতিক রোশন, অদিতি রাও হায়দারিসহ আরও অনেক তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সাওয়াই মাধোপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘরোয়া আয়োজনে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সেই অনুষ্ঠানে কেবল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন।