জিএম কাদেরের বাসায় হামলা
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (১২ অক্টোবর) এই হামলার ঘটনা ঘটে।
হামলার সময় জিএম কাদের বাসায় ছিলেন, তবে এতে কেউ আহত হননি বলে জানিয়েছেন চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য।
তিনি বার্তা২৪.কমকে বলেন, সোমবার (১২ অক্টোবর) সকাল ১০.৪০ মিনিটে একদল দুস্কৃতিকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশকে অবহিত জানানো হলে তারা ঘটনাস্থলে এসেছেন। জাতীয় পার্টির পরবর্তী করণীয় জানিয়ে দেয়া হবে।
জাতীয় পার্টির সূত্র জানায়, ঘটনার আগে ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’-এর ব্যানারে জি এম কাদেরের বাসভবনের সামনে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে জি এম কাদেরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে বাসভবন লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
২০২৪ সালে গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটে। এ ছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় ও কেন্দ্রীয় কার্যালয়ে কয়েক দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
সর্বশেষ ২০২৫ সালের ৩১ আগস্ট জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগের দিন গণঅধিকার পরিষদের মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয় সেনাবাহিনী। সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হকসহ অনেকে আহত হন।
এরপর রাজশাহী ও খুলনাসহ বিভিন্ন জেলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এমনকি রংপুরে জি এম কাদেরের বাসভবনেও এনসিপির নেতাকর্মীরা হামলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
