বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ

এশিয়া-প্যাসিফিকে প্রযুক্তিগত দক্ষতায় পিছিয়ে সাইবার নিরাপত্তা পেশাজীবীরা: ক্যাসপারস্কি

এশিয়া-প্যাসিফিক (এপিএসি) অঞ্চলে সাইবার নিরাপত্তা খাতে বিনিয়োগ ও জনবল বাড়লেও প্রয়োজনীয় দক্ষতার ঘাটতি রয়ে গেছে। গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, এ অঞ্চলের সাইবার নিরাপত্তা পেশাজীবীদের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে সিস্টেমস প্রোগ্রামিংয়ে (৬২%), বিভিন্ন ফ্রেমওয়ার্ক সম্পর্কে জ্ঞানে (৬১%) এবং নেটওয়ার্ক প্রযুক্তিতে (৪৬%)। প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি বিশ্লেষণী চিন্তাভাবনা (৪৮%), সমস্যা সমাধান (৪৩%) এবং দলগতভাবে কাজ করার ক্ষেত্রেও (৪১%) ঘাটতি রয়েছে।

প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতার ব্যবধানও উঠে এসেছে গবেষণায়। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ২৫ শতাংশ সাইবার নিরাপত্তা পেশাজীবী জানিয়েছেন, তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা দৈনন্দিন কাজের ক্ষেত্রে খুব সামান্য কাজে এসেছে অথবা একেবারেই কাজে আসেনি। অন্যদিকে, ৪৮ শতাংশ জানিয়েছেন, পেশাজীবনের শুরুর দিকে প্রয়োজনীয় জ্ঞানের অভাবে তারা বিভিন্ন ভুল করেছেন। এর মধ্যে রয়েছে তথ্যের ব্যাকআপ না রাখা (৪৩%), পুরোনো নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করা (৪৩%) এবং পরিচয় সুরক্ষার ব্যবস্থা না নেওয়া (৩৬%)।

এ ধরনের দক্ষতার ঘাটতি পূরণে ক্যাসপারস্কি চালু করেছে সাইবার পাথওয়ে প্ল্যাটফর্ম। ইন্টারঅ্যাকটিভ মূল্যায়নের মাধ্যমে এটি ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা খাতের বিভিন্ন পেশা সম্পর্কে ধারণা দেয় এবং তাদের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী শেখার পরামর্শ দেয়। ‘ক্যাসপারস্কি সাইবার হিরোস’ নামে প্ল্যাটফর্মটিতে সাইবার নিরাপত্তার ছয়টি ক্ষেত্র তুলে ধরা হয়েছে- থ্রেট ইন্টেলিজেন্স, ম্যালওয়্যার অ্যানালাইসিস, সিকিউরিটি অপারেশনস, সিকিউরিটি অ্যাসেসমেন্ট, নেটওয়ার্ক সিকিউরিটি এবং ইনফরমেশন সিকিউরিটি রিসার্চ। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের জন্য উপযুক্ত ক্যারিয়ার ক্ষেত্র এবং সেখানে প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানতে পারবেন।

নতুনদের পাশাপাশি অভিজ্ঞ পেশাজীবী, সাধারণ আইটি পেশাজীবী এবং প্রতিষ্ঠানগুলোর জন্যও প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এতে বিভিন্ন পর্যায়ের ব্যবহারকারীদের জন্য আলাদা মূল্যায়ন এবং ব্যবহারিক প্রশিক্ষণের উপকরণ রয়েছে। এসব উপকরণের মধ্যে রয়েছে ক্যাসপারস্কির সাইবারসিকিউরিটি ট্রেইনিং, ক্যাসপারস্কি অ্যাকাডেমি এবং ক্যাসপারস্কি সিকিউরিটি অ্যাওয়ারনেস-এর প্রশিক্ষণ কার্যক্রম।

ক্যাসপারস্কির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক অ্যাড্রিয়ান হিয়া বলেন, “এই অঞ্চলে এমন পেশাজীবী প্রয়োজন, যাদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি বিশ্লেষণী চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের সক্ষমতা রয়েছে। এসব দক্ষতা গড়ে তুলতে শুধু কর্মক্ষেত্রের অভিজ্ঞতা যথেষ্ট নয়; প্রয়োজন পরিকল্পিত ও ব্যবহারিক দিকনির্দেশনা। এ ঘাটতি পূরণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্যাসপারস্কির সাইবার পাথওয়েস-এর মতো প্ল্যাটফর্ম পেশাজীবীদের নিজেদের দক্ষতার বর্তমান অবস্থান বুঝতে এবং ভবিষ্যতে কোন দিকে এগোতে হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পেতে সহায়তা করবে।”

এদিকে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সাইবার নিরাপত্তায় বিনিয়োগ বাড়ছে। ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, এ অঞ্চলের ৮১ শতাংশ প্রতিষ্ঠান আইটি নিরাপত্তায় তাদের বাজেট বাড়িয়েছে। দেশগুলোর মধ্যে ভিয়েতনামে এ হার ৯৪ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৮৭ শতাংশ, মালয়েশিয়ায় ৮৩ শতাংশ এবং ভারতে ৮৩ শতাংশ। তবে শুধু প্রযুক্তি ও নিরাপত্তাব্যবস্থায় বিনিয়োগ করলেই চলবে না। এসব বিনিয়োগের সুফল পেতে এবং দীর্ঘমেয়াদে সাইবার হামলা মোকাবিলার সক্ষমতা বাড়াতে সহজলভ্য ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলাও জরুরি।

আরো