ইউসিবিএল কেলেঙ্কারি: জাবেদসহ ১৭ জনের কারাদণ্ড
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) চট্টগ্রামের পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় জাবেদসহ মোট ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে অন্য ১৬ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি ১৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ভিশন ট্রেডিং নামে একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের জাল কাগজপত্র ব্যবহার করে ইউসিবিএলের পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ওই অর্থ স্থানান্তর করে নগদে উত্তোলন করা হয়। একপর্যায়ে হুন্ডির মাধ্যমে টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ভিশন ট্রেডিংয়ের মালিক হিসেবে দেখানো হয়েছিল। ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবিএলের পোর্ট শাখায় প্রতিষ্ঠানটির নামে একটি চলতি হিসাব খোলা হয়। পরের বছর ১৩ ফেব্রুয়ারি গম, মসুর ডাল, ছোলা ও হলুদ মটর আমদানির উদ্দেশ্যে ১৮০ দিনের জন্য ২৫ কোটি টাকা ঋণের আবেদন করা হয়।
ঋণ আবেদনের সঙ্গে প্রতিষ্ঠানের মজুতপণ্য, ব্যবসায়িক অভিজ্ঞতা ও গুদামসংক্রান্ত বিভিন্ন তথ্য জমা দেওয়া হয়েছিল। তবে এসব তথ্যের মধ্যে একাধিক অসংগতি পাওয়া যায় বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে উঠে আসে। ব্যাংকের করপোরেট ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের যৌথ কমিটিও ঋণ প্রস্তাবের বিপরীতে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ দিয়েছিল। তা সত্ত্বেও ২০২০ সালের ১২ মার্চ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৮তম সভায় ঋণটি অনুমোদন করা হয়।
পরে অনুমোদিত ঋণের অর্থ পে-অর্ডারের মাধ্যমে আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামে চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পাঠানো হয়। এসব প্রতিষ্ঠানের মালিক হিসেবে যাদের নাম ব্যবহার করা হয়েছিল, তারা মূলত আরামিট গ্রুপের কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন।
এ ঘটনায় গত বছরের ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান খান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা করেন। মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ভাই আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামান চৌধুরীসহ ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তাদের আসামি করা হয়।
মামলার শুরুতে আসামির সংখ্যা ছিল ৩১ জন। তদন্ত শেষে গত ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এতে নতুন করে আরও সাতজনকে আসামি করা হয়। ফলে অভিযোগপত্রে মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে। এ মামলায় ৯২ জনকে সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করা হয়।
পরবর্তী সময়ে ১১ মার্চ চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। গত ৫ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বিচারিক কার্যক্রমে মোট ৫৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গত ১৮ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষ হলে আদালত রায় ঘোষণার জন্য পরদিন দিন ধার্য করেন।
অবশেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত। এতে ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়। অন্য ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
