১৪৪ বছরের ইতিহাস নিয়ে উদ্বোধন হচ্ছে গ্রেগরিয়ান মিউজিয়াম
নিজস্ব প্রতিবেদক:
সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের ১৪৪ বছরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে উদ্বোধন হতে যাচ্ছে ‘গ্রেগরিয়ান মিউজিয়াম’। আগামী ২০ নভেম্বর (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘দ্য গ্রেগরিয়ান সোসাইটি (টিজিএস)’।
বিদ্যালয়ের মূল ভবনের পঞ্চম তলায় স্থাপিত এ জাদুঘরে ১৮৮২ সালে ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলার নানা স্মারক, ঐতিহাসিক দলিল, আলোকচিত্র, প্রত্নসামগ্রী ও গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন করা হবে।
সেন্ট গ্রেগরিজ হাই স্কুল দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান বহু ব্যক্তিত্ব তৈরি করেছে। এসব ব্যক্তিত্ব দেশের মানুষের কল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের স্মৃতি ও প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, গ্রেগরিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠার প্রস্তাব দেন টিজিএস সভাপতি ইউসুফ রহমান। বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড রিবেইরো, সিএসসি উদ্যোগটিকে স্বাগত জানিয়ে জাদুঘর প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় স্থান বরাদ্দ করেন। পরে ২০২৫ সালের ২৪ আগস্ট টিজিএসের অফিসিয়াল ফেসবুক পেজ ও গ্রেগরিয়ান ফেসবুক গ্রুপের মাধ্যমে জাদুঘর প্রতিষ্ঠায় আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা ও অনুদানের আহ্বান জানানো হয়।
জাদুঘরের নকশা ও বাস্তবায়নের দায়িত্ব পালন করে মিউজিয়াম ডিজাইন অ্যান্ড এক্সিকিউশন কমিটি। ২০২৫ সালের ১৪ নভেম্বর প্রতীকী ইট স্থাপনের মধ্য দিয়ে নির্মাণকাজের সূচনা হয়। একই বছরের ২৮ ডিসেম্বর পুরোনো স্থানটি নির্মাণকাজের জন্য প্রস্তুত করা হয়। পাশাপাশি জাদুঘরে প্রদর্শনের জন্য বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, স্মারক ও দলিল সংগ্রহ এবং সংরক্ষণের কাজ শুরু করেন গ্রেগরিয়ানদের একটি দল।
জাদুঘরের পরিচালনা ও ব্যবস্থাপনার কাঠামো নির্ধারণে ২০২৬ সালের ১৪ আগস্ট সেন্ট গ্রেগরিজ হাই স্কুল ও টিজিএসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে টিজিএসের পক্ষে সহসভাপতি রিজওয়ান খায়ের এবং বিদ্যালয়ের পক্ষে অধ্যক্ষ ব্রাদার প্রদীপ প্লাসিড রিবেইরো, সিএসসি স্বাক্ষর করেন।
সংশ্লিষ্টরা জানান, গ্রেগরিয়ান মিউজিয়াম শুধু ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের স্থান নয়; এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা ঐতিহ্য, স্মৃতি ও অসংখ্য গ্রেগরিয়ানের অবদানের স্থায়ী স্মারক। এর মাধ্যমে বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও দর্শনার্থীরা বিদ্যালয়ের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের ঐতিহ্যের সঙ্গে নতুন করে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন।
