বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফিরতি সফরে ডিসেম্বরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সব কিছু ঠিক থাকলে দুই দিনের সফরে আগামী ৭ ডিসেম্বর তিনি ঢাকায় আসবেন। বিএনপি সরকার গঠনের পর এটি বাংলাদেশে বিদেশি কোনো সরকারপ্রধানের প্রথম সফর হতে যাচ্ছে।

ঢাকা-কুয়ালালামপুরের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামী ৭-৮ ডিসেম্বর ঢাকা সফর করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই দিনের সফর হলেও ঢাকায় তার অবস্থান হবে সংক্ষিপ্ত সময়ের জন্য, এক্ষেত্রে সর্বোচ্চ ১২ থেকে ১৩ ঘণ্টা হতে পারে তার ঢাকা মিশন। ঢাকা থেকে আনোয়ার ইব্রাহিম যাবেন ব্যাংকক সফরে।

কূটনৈতিক সূত্রগুলো আরও জানায়, ৭ ডিসেম্বর সন্ধ্যা নাগাদ ঢাকায় আসার কথা রয়েছে আনোয়ার ইব্রাহিমের। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বসবেন তিনি। দুই শীর্ষ নেতার বৈঠকে সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষার মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পর গত জুনে তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফর শুরু করেন মালয়েশিয়া দিয়ে। মালয়েশিয়া হয়ে সরকারপ্রধান চীন সফর করেন। তারেক রহমানের কুয়ালালামপুর সফরে প্রায় পাঁচ মাসের ব্যবধানে বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, দুই বছরের ব্যধধানে এটি আনোয়ার ইব্রাহিমের দ্বিতীয় ঢাকা সফর হতে যাচ্ছে। আর এটি ঢাকার সঙ্গে কুয়ালালামপুরের ঘনিষ্ট সম্পর্কেরই বার্তা দেয়।

সরকারের উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়েছিলেন মালয়েশিযা, এখন উনি আসবেন (আনোয়ার ইব্রাহিম) বাংলাদেশে। তারেক রহমানের সফরের সময় যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, এ সফরে তার একটা ফলোআপ আলোচনা করার সুযোগ তৈরি হয়েছে। এ ছাড়া, দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা তো হবেই।

জুনে তারেক রহমানের মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক সই, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা–সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ–সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়।

এবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফরেও দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হতে পারে। এ নিয়ে এখনো দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে ঢাকার একটি কূটনৈতিক সূত্র ইঙ্গিত দিয়েছে, আনোয়ার ইব্রাহিমের সফরে তথ্য ও সম্প্রচার এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভবনা রয়েছে।

সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন। আমরা আশা করছি, এ সরকার দায়িত্ব নেওয়ার পর এটি কোনো সরকারপ্রধানের প্রথম সফর হবে। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার একটা ভালো সম্পর্ক। যার কারণে আমাদের প্রধানমন্ত্রী গেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসছেন। আশা করছি, সফরে ভালো কিছুই হবে।

এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে আজ বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। বৈঠকে সফর সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশিদের জন্য গুরত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়া। আনোয়ার ইব্রাহিমের এ সফরে শ্রমবাজার নিয়ে গুরত্বপূর্ণ আলোচনার কথা জানিয়েছেন সরকারের কর্মকর্তারা। এক কর্মকর্তা বলেন, মালয়েশিয়া আমাদের জন্য একটি বড় বাজার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরে নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য বলছে, ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার। মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ১১২ জন যাবে মালয়েশিয়ার। ইতোমধ্যে তাদের বাছাই এবং স্বাস্থ্য পরীক্ষা শুরু ছিলেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। সরকারিভাবে কর্মী যাওয়া শুরু হলে পরে বেসরকারিভাবে কর্মী যাওয়া শুরুর তথ্যও দিয়েছেন তিনি।

২০২৪ সাল থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় বাজার বন্ধ। বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই জনশক্তি বাজার আবার উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। জুনে মালয়েশিয়া সফরে গিয়ে বাংলাদেশিদের জন্য শ্রমবাজারটি খুলে দিতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ সফর করেন আনোয়ার ইব্রাহিম। তিনি ২০২৪ সালে অক্টোবরে ঢাকা সফর করেছিলন। দুই বছরের ব্যবধানে তিনি আবার ঢাকায় আসছেন।

আরো