বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ

আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই প্রযুক্তিগত অগ্রগতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দেশের প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকলে দেশ এবং তরুণ সমাজও পিছিয়ে পড়বে। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারবে। যথাযথ সহযোগিতা পেলে দেশের তরুণরা আকাশও জয় করতে সক্ষম।

তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগাতে হবে।

এ সময় শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিভা ও উদ্ভাবনী উদ্যোগ যেন প্রয়োজনীয় সহায়তার অভাবে হারিয়ে না যায়, সে জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

আরো