মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ

ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং খাত

নিজস্ব প্রতিবেদক:

দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে টিকিটিং খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা। তাঁদের মতে, বাস, ট্রেন, লঞ্চ, উড়োজাহাজসহ বিভিন্ন পরিবহনের টিকিট কেনার মতো নিয়মিত লেনদেন ডিজিটাল পেমেন্টের আওতায় আনা গেলে সাধারণ মানুষের মধ্যে ক্যাশলেস লেনদেনের অভ্যাস গড়ে উঠবে। এ ক্ষেত্রে গ্রাহকের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে বেঞ্চমার্ক পিআরের উদ্যোগে এবং অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজের সহযোগিতায় আয়োজিত ‘বেঞ্চমার্ক ডায়ালগ’-এ এসব কথা বলেন বক্তারা। ‘টিকিটিং ইজ দ্য গেটওয়ে টু ডিজিটাল পেমেন্ট’ শীর্ষক গোলটেবিল আলোচনায় ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট নেটওয়ার্ক, প্রযুক্তি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঞ্চমার্ক পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ কায়সার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সহজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) মো. আমিনুল হক বলেন, দেশে অনলাইন পেমেন্টের ব্যবহার বাড়ানোর অন্যতম মাধ্যম হতে পারে অনলাইন টিকিটিং। ২০১৪ সাল থেকে সহজ এ খাতের সংশ্লিষ্টদের নিয়ে একটি কার্যকর ইকোসিস্টেম গড়ে তোলার কাজ করছে।

আলোচনায় বিকাশের ইভিপি ও হেড অব গভর্নমেন্ট অ্যান্ড ইউটিলিটি বিল পেমেন্টস এস. এম. বেলাল আহমেদ, টালিখাতার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান, মাস্টারকার্ড বাংলাদেশের লিড, রিটেইল অ্যান্ড কমার্স জুবায়ের হোসেন পাভেল, নগদের হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু, আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মো. সাজ্জাত হোসেন এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অল্টারনেট ডেলিভারি চ্যানেলস মোহাম্মদ বরকতুজ্জামান অংশ নেন।

এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সিস্টেম অ্যানালিস্ট এ টি এম জসিম উদ্দিন, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের প্রতিষ্ঠাতা ও গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান ইমতিয়াজ হালিম, বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) শহিদুল ইসলাম, বিআইবিএমের সহকারী অধ্যাপক মো. ফয়সাল হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

বক্তারা বলেন, ডিজিটাল পেমেন্টের প্রসার শুধু প্রযুক্তি বা লেনদেনের মাধ্যমের ওপর নির্ভর করে না; বরং মানুষের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে এর সংযোগ তৈরি করাও জরুরি। টিকিট কেনা এমন একটি প্রয়োজনীয় সেবা, যার মাধ্যমে মানুষকে নিয়মিত ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করা সম্ভব। ব্যাংক কার্ড, ইন্টারনেট ব্যাংকিং কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সহজে টিকিট কেনার সুযোগ থাকলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে।

তাঁরা আরও বলেন, সহজ ও পরিচিত পেমেন্ট পদ্ধতি, তাৎক্ষণিক লেনদেন নিশ্চিতকরণ, নিরাপদ পেমেন্ট এবং ব্যর্থ লেনদেনের দ্রুত সমাধান অনলাইন টিকিটিংয়ের প্রতি গ্রাহকের আগ্রহ বাড়াবে। পাশাপাশি স্বচ্ছ ও দ্রুত রিফান্ড ব্যবস্থা নিশ্চিত করা গেলে অনলাইনে টিকিট কেনার ক্ষেত্রে মানুষের আস্থা আরও বাড়বে। এতে টিকিট সংগ্রহের জন্য কাউন্টারে যাওয়ার প্রয়োজন কমার পাশাপাশি যাত্রী ও পরিবহন পরিচালনাকারী উভয় পক্ষের সেবা ব্যবস্থাপনাও সহজ হবে।

আলোচনায় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আন্তঃসংযোগ বা ইন্টারঅপারেবিলিটি নিশ্চিত করা, লেনদেনের খরচ যৌক্তিক রাখা এবং গ্রাহকের তথ্য ও অর্থের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তিতে কম অভ্যস্ত মানুষের জন্য ব্যবহারবান্ধব সেবা চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।

বক্তারা বলেন, ডিজিটাল আর্থিক সেবার আওতার বাইরে থাকা জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য কার্যকর নীতিমালা, প্রয়োজনীয় সহায়তা এবং গ্রাহক সচেতনতা বাড়াতে হবে।

তাঁদের মতে, ডিজিটাল টিকিটিং ও পেমেন্ট ব্যবস্থার সমন্বয় শুধু পরিবহন খাতেই নয়, সরকারি সেবা, ইউটিলিটি বিল পরিশোধসহ দৈনন্দিন বিভিন্ন লেনদেনেও ক্যাশলেস অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে পারে। সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করা গেলে অনলাইন টিকিটিংয়ের ব্যবহার ও গ্রহণযোগ্যতা—দুটিই বাড়বে।

আরো