বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ

সাইবার নিরাপত্তায় সবার জন্য একই সুরক্ষা যথেষ্ট নয়: ক্যাসপারস্কি

পেশার ধরন অনুযায়ী মানুষের সাইবার নিরাপত্তার ঝুঁকিও ভিন্ন হয়। গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কির এক জরিপে দেখা গেছে, ১৪টি পেশার ৮২ থেকে ৮৯ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা কোনো না কোনো সাইবার নিরাপত্তা ঘটনার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে করপোরেট ঝুঁকি ব্যবস্থাপনা, আইন ও কমপ্লায়েন্স পেশার ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। জরিপে সবচেয়ে বেশি যে ঘটনাগুলোর কথা উঠে এসেছে, সেগুলো হলো প্রতারণামূলক ফোনকল ও এসএমএস (৪০ দশমিক ৯ শতাংশ), স্প্যাম (৪০ দশমিক ৪ শতাংশ) এবং অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন (২৫ দশমিক ৫ শতাংশ)। অন্যদিকে, ব্যক্তিগত তথ্য ফাঁস (৪৫ দশমিক ৬ শতাংশ), সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক (৪৪ দশমিক ৬ শতাংশ) এবং ব্যক্তিগত তথ্য চুরি (৩৮ দশমিক ১ শতাংশ) নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ জানিয়েছেন উত্তরদাতারা।

প্রযুক্তি খাতের পেশাজীবীরা সাধারণ অনলাইন হয়রানির তুলনায় বেশি জটিল সাইবার হুমকির মুখে পড়ছেন। এর মধ্যে রয়েছে ম্যালওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রতারণা এবং স্মার্ট ডিভাইসে সাইবার হামলা। প্রযুক্তিগত দক্ষতা থাকা সত্ত্বেও তাদের মধ্যে সাইবার নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার হার অপ্রযুক্তি খাতের পেশাজীবীদের চেয়ে বেশি- যথাক্রমে ৮৬ শতাংশ ও ৮৪ দশমিক ১ শতাংশ। অর্থাৎ, প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান থাকলেও সাইবার হামলার ঝুঁকি পুরোপুরি এড়ানো সম্ভব নয়।

সাইবার নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার পর অনেকেই নিরাপত্তা প্রযুক্তি ব্যবহারের চেয়ে নিজেদের অনলাইন অভ্যাস পরিবর্তনের দিকে বেশি মনোযোগ দিয়েছেন। জরিপে অংশ নেওয়া ৪৪ দশমিক ৭ শতাংশ অপরিচিত নম্বর থেকে আসা ফোনকল ধরা বন্ধ করেছেন। তবে মাত্র ৩০ দশমিক ১ শতাংশ মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) চালু করেছেন এবং ২৪ দশমিক ৩ শতাংশ নিরাপত্তা সফটওয়্যার ইনস্টল করেছেন। মার্কেটিং পেশাজীবীরা সবচেয়ে বেশি ধরনের সাইবার নিরাপত্তা ঘটনার মুখোমুখি হলেও তাদের মধ্যে নিরাপত্তামূলক অভ্যাস গ্রহণের প্রবণতা তুলনামূলক বেশি।

সাইবার নিরাপত্তা জোরদারে ক্যাসপারস্কি প্রতিটি অনলাইন অ্যাকাউন্টে আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু, ডিভাইসের সফটওয়্যার নিয়মিত হালনাগাদ এবং স্বয়ংক্রিয় নিরাপত্তা সলিউশন ও পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারের পরামর্শ দিয়েছে।

ক্যাসপারস্কির সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ভ্লাদিমির দশচেঙ্কো বলেন, “এই গবেষণায় স্পষ্ট হয়েছে, অনলাইনে নিরাপদ থাকার জন্য সবার ক্ষেত্রে একই পদ্ধতি কার্যকর নয়। মানুষের পেশা, কাজের ধরন ও দৈনন্দিন অভ্যাস অনুযায়ী সাইবার ঝুঁকি এবং প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থাও আলাদা। বিপণন পেশাজীবী, কমপ্লায়েন্স বিশেষজ্ঞ কিংবা আইটি পেশাজীবী—প্রত্যেকেই ভিন্ন ধরনের ঝুঁকির মুখোমুখি হন। তাই সবার জন্য একই ধরনের সতর্কতা নির্ধারণ না করে, ব্যক্তির প্রয়োজন অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা জরুরি। প্রতারণার কৌশল ক্রমেই বৈচিত্র্যময় হচ্ছে এবং এতে এআই-এর ব্যবহারও বাড়ছে। আমাদের লক্ষ্য হলো, প্রত্যেকের দৈনন্দিন ডিজিটাল কার্যক্রম ও ব্যবহৃত ডিভাইসের জন্য সহজলভ্য স্বয়ংক্রিয় সুরক্ষা নিশ্চিত করা। এতে মানুষ প্রতিনিয়ত সাইবার হুমকির সংকেত খুঁজে বেড়ানোর পরিবর্তে নিজেদের দৈনন্দিন কাজে মনোযোগ দিতে পারবেন।”

ক্যাসপারস্কির মতে, উপযুক্ত নিরাপত্তা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পেশা বা প্রযুক্তিগত দক্ষতা নির্বিশেষে অনলাইনে ব্যক্তিগত তথ্য, ডিভাইস ও গোপনীয়তা আরও ভালোভাবে সুরক্ষিত রাখা সম্ভব। এ ক্ষেত্রে শুধু ব্যবহারকারীর সতর্কতার ওপর নির্ভর না করে কার্যকর নিরাপত্তা সলিউশন ব্যবহারও গুরুত্বপূর্ণ।

আরো