২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ
বার্ষিক সংস্কার কাজের জন্য আজ বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ভারতের আদানির ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একাংশ। কেন্দ্রটির দুটি ইউনিট রয়েছে। যেখানে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। এরমধ্যে ৮০০ ইউনিটের একটি কেন্দ্র ২৫ দিন বন্ধ থাকবে। আগামী ১৮ ডিসেম্বর থেকে এটি আবারও চালু হবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে আদানি পাওয়ার বলেছে, বার্ষিক সংস্কারের পরিকল্পনাটি আগে থেকেই সূচি অনুযায়ী নির্ধারণ করা হয়।
এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে আদানি পাওয়ার। আর এ কারণে গত ২৬ অক্টোবর বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে সময় নেয় প্রতিষ্ঠানটি।
একটিতে সংস্কার কাজ চললেও ৮০০ মেগাওয়াটের অপর ইউনিটটি স্বাভাবিকভাবে চলবে। ফলে এটির অর্ধেক উৎপাদন বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঘণ্টার তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিদ্যুতের চাহিদা দাঁড়িয়েছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। সেখানে আদানি পাওয়ার ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছিল।
বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন শীতের মৌসুমে যেহেতু বাংলাদেশে বিদ্যুতের চাহিদা কম থাকে তাই, আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেলেও দেশে বিদ্যুৎ বিভ্রাটের কোনো শঙ্কা নেই। তবে যদি চাহিদা বাড়ে তখন পরিস্থিতি চ্যালেঞ্জিং হতে পারে বলে জানিয়েছেন তারা।
