বুড়িগঙ্গায় গ্যাসলাইন মেরামতে জটিলতা, নগরজুড়ে তীব্র সংকট
বুড়িগঙ্গা নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামতের সময় পাইপের ভেতরে পানি প্রবেশ করায় নতুন করে সংকটে পড়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ পরিস্থিতির সঙ্গে ঢাকা শহরে গ্যাসের সামগ্রিক সরবরাহ ঘাটতি যুক্ত হওয়ায় রাজধানীজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য নিশ্চিত করেছে।
তিতাস জানায়, এর আগে মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে অবস্থিত একটি গ্যাস বিতরণ লাইনে ক্ষতি হয়। পরে মেরামত কাজ সম্পন্ন হলেও সেই প্রক্রিয়ার সময় পাইপলাইনের ভেতরে পানি ঢুকে পড়ে। একই সময়ে গ্যাসের সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে গ্যাসের চাপ মারাত্মকভাবে কমে যায়।
কর্তৃপক্ষ জানায়, উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ চালিয়ে যাচ্ছে। সাময়িক এই সমস্যার কারণে গ্রাহকদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে জাহাজের নোঙরের আঘাতে বুড়িগঙ্গা নদীর তলদেশে গ্যাস পাইপলাইনে লিকেজ সৃষ্টি হয়। এর ফলে গাবতলী, মোহাম্মদপুরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হয়।
পরিস্থিতি মোকাবিলায় বুধবার বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএর সহায়তায় আমিনবাজার ডিআরএস থেকে ঢাকামুখী ১২ ইঞ্চি ব্যাসের এবং ৫০ পিএসআইজি চাপের গ্যাস লাইনের লিকেজস্থলে বিশেষ ‘লিক রিপেয়ার ক্ল্যাম্প’ স্থাপন করা হয়। তবে সেই মেরামত কাজ চলাকালীন পাইপলাইনে পানি ঢুকে পড়ায় সংকট আরও জটিল আকার ধারণ করেছে