সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশের চিঠির জবাব কবে আসছে, জানাল বিসিবি

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ। এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের পরিবর্তে টাইগারদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবিতে আইসিসির কাছে চিঠিও পাঠানো হয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, প্রথম দফার চিঠির পর আইসিসির পক্ষ থেকে যে বার্তা আসে, তার জবাবে দ্বিতীয় দফায় প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যাসহ আবারও ই-মেইল পাঠিয়েছে বোর্ড। তবে এখনো পর্যন্ত সেই চিঠির কোনো আনুষ্ঠানিক জবাব পায়নি বিসিবি।

এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, আইসিসির কাছে পাঠানো সব তথ্য ও প্রয়োজনীয় লিঙ্ক ঠিকভাবেই পৌঁছেছে। তবে এখনো তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আইসিসির জবাব কবে পাওয়া যেতে পারে—এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, দুবাইয়ে ছুটির কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। তার ধারণা, সোম বা মঙ্গলবারের মধ্যে আইসিসির পক্ষ থেকে উত্তর আসতে পারে। তিনি আরও বলেন, আইসিসি একটি অত্যন্ত পেশাদার সংস্থা, তাই আনুষ্ঠানিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো মন্তব্য বা সিদ্ধান্ত তারা সাধারণত জানায় না।

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, কলকাতার ইডেন গার্ডেনের পরিবর্তে ভারতের অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা করছে আয়োজকরা। তবে এ বিষয়ে বিসিবির কাছে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি বলে জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ভারতের অন্য ভেন্যু হলেও সেগুলো ভারতেরই অংশ, তাই এতে মূল আপত্তির কোনো পরিবর্তন হয় না।

বিসিবি সভাপতি স্পষ্ট করে জানিয়েছেন, ভারতের মাটিতে খেলা নিয়ে বোর্ডের অবস্থান দৃঢ়। ভেন্যু পরিবর্তন বা বিকল্প কোনো প্রস্তাবে সন্তোষজনক সমাধান না এলে বাংলাদেশ অন্য পথ বেছে নিতে পারে। তিনি বলেন, বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে এবং আইসিসির চূড়ান্ত জবাবের অপেক্ষায় আছে।

আরো