সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ

প্রকাশিত হলো এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি

আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এপ্রিল মাসের শেষ সপ্তাহে। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে জুনের শেষ সপ্তাহে। একই সঙ্গে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১ মার্চ থেকে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা মহামারির প্রভাব ও পরবর্তী বিভিন্ন বাস্তবতায় গত কয়েক বছর ধরে এই নিয়মিত সময়সূচি বজায় রাখা যায়নি।

চলতি বছর জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাসকে বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে এপ্রিলের শেষ সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি (টেস্ট) পরীক্ষা ও ফরম পূরণের কার্যক্রম শেষ হয়েছে। বর্তমানে প্রশ্নপত্র প্রণয়নসহ অন্যান্য চূড়ান্ত প্রস্তুতি চলমান রয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির সাংবাদিকদের জানান, পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে মাঠপর্যায়ের কোনো বিশেষ অনুরোধ এলে ফরম পূরণের সময়সীমা এক-দুদিন বাড়ানো হতে পারে।

এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনি আরও বলেন, আগামী ১ মার্চ থেকে পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে এবং আশা করা হচ্ছে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে।

আরো