দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্নীতি রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি। এটি শুধু আর্থিক ক্ষতির কারণ নয়, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে দেয়।
সোমবার (১২ জানুয়ারি) সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৪১তম বিসিএস (আনসার) কর্মকর্তা, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়নের ২৬ ও ২৭তম ব্যাচ অংশ নেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো আনসার সদস্য যদি ব্যক্তিগত লোভ, স্বার্থ কিংবা রাজনৈতিক সুবিধার জন্য কাজ করে, তবে তা শুধু আইনের লঙ্ঘন নয়—রাষ্ট্রের ভিত্তিকেও নড়বড়ে করে দেয়। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয় বা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়; তারা জনগণের করের টাকায় বেতনভুক্ত রাষ্ট্রীয় কর্মচারী।
আনসার সদস্যদের উদ্দেশে তিনি বলেন, কোনো বেআইনি আদেশ, পক্ষপাতদুষ্ট কার্যক্রম কিংবা গোপন এজেন্ডার অংশ যেন কেউ না হন। তার ভাষায়, সাহস মানে শুধু বিপদের মুখোমুখি হওয়া নয়; সাহস মানে অন্যায় আদেশকে প্রত্যাখ্যান করা, জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো এবং মজলুমের পক্ষে অবস্থান নেওয়া।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে ন্যায়সংগত পন্থা অবলম্বন করা, সততা ও নৈতিকতায় অটল থাকা এবং বিবেককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই একজন আনসার সদস্যের প্রকৃত পরিচয় হওয়া উচিত। কর্মজীবনে নানা চাপ, সমালোচনা ও চ্যালেঞ্জ আসতে পারে, তবে সততা, মানবিকতা ও পেশাদারিত্ব বজায় রাখতে পারলে কোনো বাধাই পথচলা থামাতে পারবে না।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত বছরের আগস্ট থেকেই সুপরিকল্পিত প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে প্রায় ৫৬ হাজার আনসার, ২ লাখ ৫৫ হাজার ভিডিপি ও টিডিপি সদস্য এবং তিন হাজারের বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি জানান, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রায় সাড়ে চার লাখ সদস্যকে এসটিডিএমএস সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে। এবারের নির্বাচনে সারাদেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে আনসার সদর দপ্তর থেকে শুরু করে একাডেমি, রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পর্যায়ে ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার করেছে। পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি, কল্যাণমূলক কার্যক্রম, প্রশাসনিক সংস্কার, প্রশিক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।