অর্থপাচার রোধে পেশাদারদের ভূমিকা জরুরি: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, গত দেড় দশকে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। এর একটি বড় অংশ প্রকাশ্যভাবে ব্যাংক লুটের মাধ্যমে হলেও উল্লেখযোগ্য অংশ সংঘটিত হয়েছে হিসাবনিকাশে নানা ধরনের কারসাজির মাধ্যমে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে পেশাদার হিসাবরক্ষকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। সম্মেলনের প্রতিপাদ্য ছিল— “পরবর্তী প্রজন্মের পেশা: নৈতিক এআই ও টেকসই রিপোর্টিংয়ের রূপান্তর”।
তিনি বলেন, বাংলাদেশ একটি দায়িত্বশীল প্রতিবেশী রাষ্ট্র এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সক্রিয় সদস্য হিসেবে বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার পক্ষে অবস্থান নেয়। আলোচনার মাধ্যমে আস্থা তৈরি এবং যৌথ উদ্যোগের মাধ্যমে সমস্যার সমাধানই বাংলাদেশের নীতি।
দক্ষিণ এশিয়া ও অন্যান্য অঞ্চলের বিশেষজ্ঞদের একত্রিত হওয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মো. তৌহিদ হোসেন বলেন, এ ধরনের সম্মেলন ভবিষ্যৎ প্রজন্মের পেশাজীবীদের জন্য সততা, দায়বদ্ধতা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল উদ্ভাবন বিশ্বব্যাপী পেশাগত কাঠামো বদলে দিচ্ছে। একই সঙ্গে টেকসই উন্নয়ন, স্বচ্ছতা ও নৈতিকতার বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশের জন্য প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ।
পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন জ্ঞান বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে, যা ভবিষ্যতে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর স্থিতিশীল বিশ্ব গঠনে সহায়ক হবে।