৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা সেবা
বিচার ব্যবস্থাকে আরও দ্রুত ও সহজ করতে দেশের আট জেলায় ডিজিটাল জামিননামা বা ই-বেইলবন্ড সেবার উদ্বোধন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বুধবার (২১ জানুয়ারি) সকালে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।
নতুন এই ব্যবস্থার আওতায় অনলাইনে জামিননামা দাখিলের মাধ্যমে একজন বন্দিকে মাত্র এক ঘণ্টার মধ্যেই মুক্তি দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এর ফলে দীর্ঘসূত্রতা ও অপ্রয়োজনীয় ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, আগে একজন আসামিকে জামিন পেতে ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো। এতে সময়ের পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় এবং নানা হয়রানির শিকার হতে হতো। কখনো কখনো জামিন কার্যকর হতে কয়েক ঘণ্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত। ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় এখন পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ হবে এবং কে কখন সই করলেন তার পূর্ণাঙ্গ ডিজিটাল রেকর্ড সংরক্ষিত থাকবে। ফলে ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া বিলম্বিত করার সুযোগ আর থাকবে না।
বিচার ব্যবস্থার আধুনিকায়ন এবং বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যে প্রচলিত কাগজভিত্তিক বেইলবন্ড ব্যবস্থার পরিবর্তে এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতে, ই-বেইলবন্ড চালুর ফলে বিচারপ্রার্থী, আইনজীবী এবং কারা প্রশাসন—সব পক্ষই সময় ও ব্যয় সাশ্রয়ের সুফল পাবে।
এর আগে পরীক্ষামূলকভাবে নারায়ণগঞ্জ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হয়, যা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর—এই আট জেলায় একযোগে ডিজিটাল জামিননামা কার্যক্রম শুরু হলো।