বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ

নির্বাচনে এমএফএস-এর অপব্যবহার রোধে এপিবিএন ও বিকাশের সমন্বয় কর্মশালা

আসন্ন জাতীয় নির্বাচনের সময় মোবাইল আর্থিক সেবা (এমএফএস)-এর অপব্যবহার রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিকাশের যৌথ উদ্যোগে দিনব্যাপী একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি এপিবিএন হেডকোয়ার্টার্সের ট্রেনিং সেন্টারে আয়োজিত এ কর্মশালায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় ডিজিটাল লেনদেনভিত্তিক অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ কৌশল এবং অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য ব্যবহার করে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ আলী হোসেন ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিকাশ-এর উপদেষ্টা ড. মো. নজিবুর রহমান, এনডিসি। এছাড়া উপস্থিত ছিলেন উপ-মহা পুলিশ পরিদর্শক (প্রশাসন) মোঃ নজরুল ইসলাম, এনডিসি, উপ-মহা পুলিশ পরিদর্শক (অপারেশন্স) ড. মোঃ আল মামুনুল আনছারী এবং বিকাশ-এর ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিম (অব.)-সহ এপিবিএন ও বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কর্মশালায় এমএফএস প্ল্যাটফর্মের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত অপরাধের বিভিন্ন প্যাটার্ন, তথ্য বিশ্লেষণের মাধ্যমে অপরাধী চক্র শনাক্তকরণ এবং ডিজিটাল লেনদেন মনিটরিংয়ের কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে প্রতারণামূলক লেনদেন প্রতিরোধ, গ্রাহকের অর্থ উদ্ধার এবং জরুরি পরিস্থিতিতে বিকাশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দ্রুত সমন্বয়ের প্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। তদন্ত কার্যক্রমে কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে বিকাশের প্রাতিষ্ঠানিক যোগাযোগ চ্যানেলগুলোর বিষয়েও আলোকপাত করা হয়।

এই প্রশিক্ষণের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের ডিজিটাল আর্থিক অপরাধ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও কারিগরি দক্ষতা বৃদ্ধি পেয়েছে বলে আয়োজকরা জানান। পাশাপাশি এপিবিএন ও বিকাশের মধ্যে সমন্বয় ও তথ্য বিনিময় প্রক্রিয়া আরও সুদৃঢ় হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের সময় ডিজিটাল লেনদেনভিত্তিক সম্ভাব্য অপরাধ প্রতিরোধে এ ধরনের প্রস্তুতিমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধান অতিথি অভিমত ব্যক্ত করেন।

আরো