ঢাকা-১৯ আসনে হারিকেন প্রতীকে ভোট চাইলেন কামরুল ইসলাম মৃধা
নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ আসনে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী ও শ্রমিক নেতা কামরুল ইসলাম মৃধা হারিকেন প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সাভার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, হাট-বাজার, শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।
গণসংযোগে পায়ে হেঁটে সাধারণ মানুষের বাড়ি, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। এ সময় শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও তরুণদের সমস্যা ও দাবিদাওয়া শুনে বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন। তার সঙ্গে দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
কামরুল ইসলাম মৃধা বলেন, ঢাকা-১৯ আসনের উন্নয়ন শ্রমজীবী মানুষের ওপর নির্ভরশীল হলেও তারাই সবচেয়ে বেশি অবহেলিত। নির্বাচিত হলে মাদক ও চাঁদাবাজি নির্মূল, সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য নিরাপদ আবাসন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন তার অগ্রাধিকার হবে।
গণসংযোগকালে এলাকাবাসী জলাবদ্ধতা, রাস্তাঘাটের বেহাল অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন খাতে চাঁদাবাজির কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
গণসংযোগ শেষে ঢাকা-১৯ আসনের সর্বস্তরের জনগণের কাছে হারিকেন প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য দোয়া ও সমর্থন কামনা করেন কামরুল ইসলাম মৃধা।