বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ

বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার আলী আহসান রবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযানে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭৫/এম-এর নিকট দিয়ে দুষ্কৃতিকারীরা বিস্ফোরক ও অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে—এমন তথ্য পায় বিজিবি।

এরপর বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমানের নেতৃত্বে একটি টহলদল এবং বড়লেখা উপজেলার নির্বাচনী বেইজ ক্যাম্প (ছোটলেখা উচ্চ বিদ্যালয়) থেকে মেজর এম জাহিদের নেতৃত্বে আরেকটি টহলদল যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে পার্শ্ববর্তী গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়—
২৪টি পাওয়ারজেল নাইনটি উচ্চ বিস্ফোরক (ভারতের এসবিএল এনার্জি লিমিটেড প্রস্তুত),
২৩টি ডিটোনেটর,
১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং
৩টি পাইপ গান।
বিজিবি জানায়, নির্বাচনকে সামনে রেখে এ ধরনের বিস্ফোরক ও অস্ত্রের অনুপ্রবেশ দেশের নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার সুস্পষ্ট অপচেষ্টা। উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তদন্ত চলমান।

বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

আরো