পাইকগাছায় গরীব-দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ
বিশেষ প্রতিনিধি
খুলনা জেলার পাইকগাছা থানার সোনাতন কাটি গ্রামে বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের বাড়িতে এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ সাদেকুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কপিলমুনি প্রেসক্লাব সভাপতি ও খুলনা জেলা বিএনপির সদস্য শেখ শামসুল আলম পিন্টু। তিনি বলেন, বাংলাদেশ ভূমিহীন ও গৃহীন হাউজিং লিমিটেডের সমাজসেবামূলক কার্যক্রম প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাইকগাছা থানার হরিটালি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, দল-মত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য এবং এ কার্যক্রম দেশব্যাপী চলমান থাকবে।
সংগঠনের মহাসচিব মো. আজহার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী আহসান মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এস্কান্দার মির্জা, মির হানিফ হোসাইনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এ মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ পায়।