কচু শাকের পুষ্টিগুণ, উপকারিতা ও অপকারিতা
বিডি মেইল ডেস্ক
সুস্থ জীবনযাপনের জন্য চিকিৎসকরা প্রতিদিন প্রচুর পরিমাণে শাক-সবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। সবুজ শাকের তালিকায় কচু শাক একটি অত্যন্ত উপকারী ও পুষ্টিকর খাদ্য। সহজলভ্য হওয়ায় গ্রামবাংলায় এর জনপ্রিয়তা বেশি হলেও শহরাঞ্চলেও এর চাহিদা দিন দিন বাড়ছে। কচু শাক ভর্তা, ভাজি ও তরকারি—সবভাবেই খাওয়া যায়। বিশেষ করে ইলিশ, চিংড়ি, ছোট মাছ বা শুঁটকি দিয়ে রান্না করা কচু শাক বাঙালির খাদ্যতালিকায় আলাদা মর্যাদা রাখে।
কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, খনিজ উপাদান ও আঁশ, যা আমাদের দৈনন্দিন পুষ্টিচাহিদার বড় একটি অংশ পূরণ করতে পারে।
কচু শাকের পুষ্টিগুণ
পুষ্টিমান বেশি হওয়ায় কচু শাক সব বয়সী মানুষের জন্য উপযোগী। প্রতি ১০০ গ্রাম কচু শাকে গড়ে থাকে—
শর্করা: ৬.৮ গ্রাম
প্রোটিন: ৩.৯ গ্রাম
চর্বি: ১.৫ গ্রাম
লৌহ (আয়রন): ১০ মিলিগ্রাম
ক্যালসিয়াম: ২২৭ মিলিগ্রাম
ভিটামিন বি₁ (থায়ামিন): ০.২২ মিলিগ্রাম
ভিটামিন বি₂ (রাইবোফ্লাভিন): ০.২৬ মিলিগ্রাম
ভিটামিন সি: ১২ মিলিগ্রাম
খাদ্যশক্তি: ৫৬ কিলোক্যালরি
কচু শাকের উপকারিতা
▶ হাড় ও দাঁত মজবুত করে
কচু শাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও ফসফরাস প্রচুর পরিমাণে থাকে, যা দাঁত ও হাড় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ক্ষয়রোগ প্রতিরোধে সহায়তা করে।
▶ রক্তস্বল্পতা দূর করে
আয়রনসমৃদ্ধ হওয়ায় কচু শাক রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকর। তাই রক্তস্বল্পতায় ভোগা রোগীদের জন্য এটি বিশেষভাবে উপকারী।
▶ হজমশক্তি বাড়ায়
কচু শাকে থাকা আঁশ হজম প্রক্রিয়া সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
▶ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
ভিটামিন সি ক্ষত সারাতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শিশুদের জন্য এটি অত্যন্ত উপকারী।
▶ চোখের যত্নে কার্যকর
ভিটামিন এ-এর ভালো উৎস হওয়ায় কচু শাক রাতকানা, চোখের দুর্বলতা ও ছানি পড়ার ঝুঁকি কমাতে সহায়তা করে।
▶ হৃদরোগের ঝুঁকি কমায়
পটাশিয়াম ও আঁশ রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ফলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়।
▶ গর্ভবতী মা ও শিশুর জন্য উপকারী
কচু শাকে থাকা আয়রন, ফোলেট ও ভিটামিন গর্ভবতী মা ও অনাগত শিশুর স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। সহজলভ্য হওয়ায় দরিদ্র পরিবারের জন্য এটি একটি উৎকৃষ্ট পুষ্টির উৎস।
▶ রক্ত চলাচল ও অক্সিজেন সরবরাহ বাড়ায়
কচু শাক রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করে, ফলে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক থাকে। এতে থাকা ভিটামিন কে রক্তপাত প্রতিরোধে সহায়ক।
কচু শাকের অপকারিতা
▶ গলা চুলকানি
কচু শাকে অক্সালেট নামক উপাদান থাকে, যা অনেক সময় গলা চুলকানির কারণ হয়। তাই রান্নার সময় লেবুর রস বা সামান্য ভিনেগার ব্যবহার করা ভালো।
▶ অ্যালার্জির সমস্যা
যাদের অ্যালার্জির প্রবণতা বেশি, তাদের কচু বা কচু শাক খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।
▶ গ্যাস্ট্রিকের সমস্যা
অতিরিক্ত কচু শাক খেলে কিছু মানুষের গ্যাস্ট্রিক বা অস্বস্তি হতে পারে।
সঠিকভাবে রান্না ও পরিমিত পরিমাণে খেলে কচু শাক একটি সস্তা, সহজলভ্য ও অত্যন্ত পুষ্টিকর সবজি। নিয়মিত খাদ্যতালিকায় কচু শাক রাখলে সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন করা সম্ভব।