পুরোনো শাড়িতে স্মৃতির ছোঁয়া, শেষ বিদায়ে ফুলেই ভরসা স্বস্তিকার
নিজের ভিন্নধর্মী সাজ ও স্পষ্ট বক্তব্যের জন্য বরাবরই আলোচনায় থাকেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এবারও তার ব্যতিক্রমী উপস্থিতি কেড়েছে নেটিজেনদের দৃষ্টি। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পুরোনো শাড়ি পরা ছবি শেয়ার করে জীবনের শেষ অধ্যায় নিয়ে নিজের একান্ত ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
অভিনেত্রীর পরনে ছিল নীল রঙের তসর শাড়ি—যার সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর আবেগ ও পারিবারিক স্মৃতি। স্বস্তিকা জানান, শাড়িটির বয়স প্রায় ২৭ বছর, যা তার মেয়ের বয়সের চেয়েও বেশি। পার্ক স্ট্রিটের একটি দোকান থেকে তার মা একসময় শাড়িটি কিনে দিয়েছিলেন। মায়ের স্মৃতিকে সঙ্গী করেই ঘাড়ের কাছে খোঁপা বেঁধে, আঁচল টেনে সেই শাড়ি পরে নিজেকে ফিরে দেখেন অতীতে।
তার সাজে আলাদা মাত্রা যোগ করেছে মাথায় গোঁজা বুনো ফুল। এ প্রসঙ্গে স্বস্তিকা জানান, একটি বিয়েবাড়িতে যাওয়ার পথে পছন্দের ফুল না পেয়ে বোলপুরের রাস্তায় টোটো থামিয়ে গাছ থেকে ঝুলে থাকা কিছু অচেনা ফুল নিজেই সংগ্রহ করেন। সাধারণ হেয়ার পিন দিয়েই চুলে গুঁজে নেন সেই ফুল—যাতেই সম্পূর্ণ হয় তার স্বতন্ত্র লুক।
সেই পোস্টেই জীবনের গভীর উপলব্ধির কথা ভাগ করে নেন অভিনেত্রী। শাড়ির সঙ্গে জীবনের তুলনা টেনে তিনি লেখেন, যত্ন করে রাখলে এবং যত্ন পেলে সবকিছুই টিকে থাকে—তা শাড়ি হোক বা জীবন। একই সঙ্গে জীবনের শেষ মুহূর্ত নিয়েও স্পষ্ট করে নিজের চাওয়ার কথা জানান তিনি। স্বস্তিকার ভাষ্য, তিনি চাইবেন তার বিদায়বেলায় কোনো আড়ম্বর নয়, বরং চারপাশজুড়ে থাকুক অসংখ্য ফুল।
অভিনেত্রী আরও জানান, ফুল তার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফুলের সঙ্গে তার এক ধরনের নীরব, গভীর সম্পর্ক রয়েছে বলেই শেষ বিদায়েও এই সান্নিধ্য কামনা করেন তিনি।
দামি ব্র্যান্ড আর ঝলমলে সাজের বাইরে গিয়ে স্মৃতি, মায়া ও সরলতায় আভিজাত্য খুঁজে নেওয়ার যে স্বভাব, স্বস্তিকা মুখার্জি আবারও তা প্রমাণ করলেন নিজের এই উপস্থিতির মাধ্যমে।