সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:২০ পূর্বাহ্ণ

রটারড্যামে মনে হচ্ছিল উৎসবটা আমাদেরই : আজমেরী হক বাঁধন

নেদারল্যান্ডসের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রটারড্যাম চলচ্চিত্র উৎসবে এবার বাংলাদেশের সিনেমা পেয়েছে বিশেষ স্বীকৃতি। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত চলচ্চিত্র ‘মাস্টার’ অর্জন করেছে উৎসবের সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’—যা দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য এক গর্বের মুহূর্ত।

উৎসবের শুরু থেকেই রটারড্যামে উপস্থিত ছিলেন নির্মাতা সুমিতসহ ছবির অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসির উদ্দিন খান। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রটারড্যামের অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রী বাঁধন।

পুরস্কার ঘোষণার মুহূর্তের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, সেই অনুভূতিকে শব্দে প্রকাশ করা সত্যিই কঠিন। খুব সাধারণ প্রত্যাশা নিয়েই তারা উৎসবে গিয়েছিলেন। ধারণা ছিল, অন্য কেউ পুরস্কার পাবে আর তারা কেবল দর্শক হয়ে হাততালি দেবেন। কিন্তু সেই হাততালি যখন বাংলাদেশের সিনেমার জন্য উঠল, তখন আনন্দটা ছিল অন্যরকম।

নেদারল্যান্ডসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় আপ্লুত হওয়ার কথাও জানান বাঁধন। তিনি বলেন, কর্মদিবস হওয়া সত্ত্বেও অনেক বাংলাদেশি প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখেছেন। শুধু তাই নয়, স্থানীয় ডাচ দর্শকরাও ছবিটি দেখার আগ্রহ দেখিয়েছেন এবং প্রশংসা করেছেন, যা তাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে।

এবারের রটারড্যাম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের মোট তিনটি সিনেমা প্রদর্শিত হয়েছে। এই সাফল্যকে বাংলাদেশের সিনেমার জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন বাঁধন। তিনি বলেন, রেহেনা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত সব সিনেমাই বাংলাদেশের চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ করছে। এবার একসঙ্গে তিনটি সিনেমার উপস্থিতি যেন উৎসবটাকেই বাংলাদেশের করে তুলেছিল।

বাঁধনের ভাষায়, একই সময়ে তিনটি বাংলাদেশি টিম নেদারল্যান্ডসে থাকায় সবার সঙ্গে সবার দেখা হয়েছে, হয়েছে সিনেমা নিয়ে আলোচনা—যা পুরো অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে।

আরো