শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ

দ্রুত ২,৭০১ কনস্টেবল নিয়োগের উদ্যোগ, অস্ত্রের লাইসেন্স পুনঃযাচাই করবে সরকার

পুলিশ বাহিনীর জনবল বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করতে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, খুব শিগগিরই এ নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ও জবাবদিহিমূলকভাবে পরিচালনাই সরকারের মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে দ্রুত জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগের সরকারের আমলে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম-কানুন মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব ব্যক্তি বৈধভাবে লাইসেন্স পাওয়ার যোগ্য নন বা রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পেয়েছেন—এমন প্রমাণ পাওয়া গেলে সেগুলো বাতিল করা হবে। সংশ্লিষ্ট লাইসেন্সের আওতায় থাকা অস্ত্রও বাতিল হিসেবে গণ্য হবে।

এছাড়া বর্তমানে ১০ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি বলে উল্লেখ করে তিনি বলেন, এসব অস্ত্র এখন অবৈধ হিসেবে বিবেচিত হচ্ছে। নির্ধারিত প্রক্রিয়ায় সেগুলো উদ্ধার করা হবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরকার আশা করছে, এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্থিতিশীল হবে।

আরো