র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর অভিযানে যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি ‘বুলেট বাবু’ গ্রেফতার
আলী আহসান রবি
ঢাকা জেলার সাভার থানার চাঞ্চল্যকর শাহ আলম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাবু ওরফে বুলেট বাবু (৪৫)কে রাজধানীর রমনা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকে বাহিনীটি সন্ত্রাস, হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করেও সংস্থাটি জনমনে আস্থা অর্জন করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভার এলাকায় শাহ আলম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে বুলেট বাবু। তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার শেষে আদালত আসামির অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানা জারির পর থেকে আসামি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তাকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ২ মার্চ ২০২৬ তারিখে র্যাব-২ এর একটি আভিযানিক দল রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।