ওজন কমানোসহ আনারসের ৬ উপকার
গরমের সময়ের জনপ্রিয় ফল আনারস শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর। এতে রয়েছে ভিটামিন, খনিজ ও গুরুত্বপূর্ণ এনজাইম, যা শরীরের বিভিন্ন উপকারে আসে। নিয়মিত পরিমিত পরিমাণে আনারস খেলে শরীর সুস্থ রাখতে সহায়তা করে। চলুন জেনে নেওয়া যাক আনারসের কয়েকটি উপকারিতা।
পুষ্টির ঘাটতি পূরণে সহায়ক
আনারসে রয়েছে ব্রোমেলেইন নামের গুরুত্বপূর্ণ এনজাইম এবং প্রচুর ভিটামিন সি। এছাড়া এতে ম্যাঙ্গানিজ, ভিটামিন বি-১সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে, যা শরীরের শক্তি বাড়াতে সহায়তা করে। প্রতি ১০০ গ্রাম আনারসে প্রায় ৫০ কিলোক্যালরি শক্তি পাওয়া যায় এবং এতে কোলেস্টেরল নেই।
হজমে সহায়তা করে
আনারসে থাকা ব্রোমেলেইন এনজাইম খাবার হজমে সাহায্য করে। তাই খাবারের পর অল্প পরিমাণ আনারস খেলে হজম প্রক্রিয়া উন্নত হতে পারে।
হাড় মজবুত রাখতে সাহায্য করে
আনারসে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ রয়েছে, যা হাড়ের গঠন ও শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত পরিমিত আনারস খাওয়া হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী।
ওজন কমাতে সহায়ক
আনারসে ফাইবার বেশি এবং ফ্যাট কম থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। সকালের নাশতা বা সালাদের সঙ্গে আনারস খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে।
চোখের যত্নে উপকারী
আনারসে থাকা বেটা-ক্যারোটিন চোখের স্বাস্থ্যের জন্য ভালো। এটি বয়সজনিত চোখের কিছু সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
দাঁত ও মাড়ির সুরক্ষায়
আনারসে থাকা ক্যালসিয়াম দাঁত মজবুত রাখতে সহায়তা করে। পাশাপাশি এটি মাড়ির বিভিন্ন সমস্যাও কমাতে সাহায্য করতে পারে।