শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ

নকল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে আইনি অভিযান জোরদার

বাংলাদেশের বাজারে বহুজাতিক ও দেশীয় স্বনামধন্য ব্র্যান্ডের হুবহু নকল ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ দিন দিন বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এসব পণ্য অননুমোদিত কারখানায় উৎপাদিত হয়ে ‘গ্রে চ্যানেল’-এর মাধ্যমে বাজারে প্রবেশ করছে। এর ফলে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, তেমনি ভোক্তারা প্রতারিত হচ্ছেন—উচ্চমূল্যে নিম্নমানের ও ভেজাল পণ্য কিনতে বাধ্য হচ্ছেন।

সম্প্রতি রাজধানীর চাঁনখারপুল-সংলগ্ন চকবাজার এলাকায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানে ‘নবরত্ন’ ব্র্যান্ডের বিপুল পরিমাণ অবৈধ ও নকল পণ্য শনাক্ত করা হয়, যা গ্রে চ্যানেলের মাধ্যমে বাজারে প্রবেশ করেছে বলে জানা যায়।

উল্লেখ্য, একই ব্র্যান্ডের মানসম্মত পণ্য ইমামী বাংলাদেশ লিমিটেড গাজীপুরে তাদের নিজস্ব কারখানায় উৎপাদন করে আসছে, যা ভোক্তারা তুলনামূলক কম দামে কিনতে পারেন। তবে অধিকাংশ ভোক্তা এ বিষয়ে অবগত নন যে, পণ্যটি দেশেই বৈধভাবে উৎপাদিত ও বাজারজাত হচ্ছে।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হন। এ কারণে তাদের ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের জন্য। এর মধ্যে এসব পণ্য বিক্রয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বাজারে নকল ও অবৈধ পণ্যের প্রবাহ কমবে। পাশাপাশি ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং বৈধ ব্যবসায়ীরা সুরক্ষা পাবে। এর ফলে সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

আরো