মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম লোডিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশের জ্বালানি ইতিহাসে অনন্য এক অধ্যায় সূচিত হলো।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পাবনার ঈশ্বরদীতে এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে (ইউনিট-১) ফুয়েল লোডিং করা হয়। এর মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিচালন পর্বে প্রবেশ করল।

দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের ভেতর এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। রাশিয়ার বিশেষজ্ঞদের সহায়তায় এবং দেশীয় দক্ষ প্রকৌশলীদের তত্ত্বাবধানে রিঅ্যাক্টর কোরে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপন শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, সচিব আনোয়ার হোসেন, রাশিয়ান সংস্থা রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাআভ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভিডিও বার্তায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি বাংলাদেশকে স্বাগত জানান।

এর মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ হলো। আগামী আগস্ট-সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যোগ ৩শ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।

গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইউনিট-১ এর জন্য জ্বালানি লোডিংয়ের আনুষ্ঠানিক লাইসেন্স দেয়। এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মানদণ্ড অনুযায়ী কয়েক স্তরের নিরাপত্তা পরীক্ষা ও প্রি-অপারেশনাল টেস্ট সফলভাবে সম্পন্ন হয়।

আরো