বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ

জনগণের দেয়া গণভোটকে জনগণের জন্য বাস্তবায়ন করুন: অধ্যাপক জাফর সাদেক

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক বলেছেন, দেশের সুশাসনের জন্য জুলাই অভ্যুত্থান পরবর্তী যেসকল অধ্যাদেশ জারি করা হয়, বিএনপি তা বাতিল করে। তারা আবার জনগণকে ধোকা দিয়ে বলে, তারা নাকি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। জনগণের সাথে প্রতারণা বন্ধ করুন। অবিলম্বে জনগণের দেয়া গণভোটকে জনগণের জন্য বাস্তবায়ন করুন।

আজ মঙ্গলবার বিকালে কেরানীহাটস্থ সী ওয়ার্ল্ড রিসোর্টে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে দক্ষিণাঞ্চলের দায়িত্বশীলদের নিয়ে সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ কর্মসূচী পালন উপলক্ষে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আবু নাছের, জেলা সাংগঠনিক সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আরও বলেন, আমীরে জামায়াত জুলাই সনদ স্পষ্টভাবে অঙ্গীকার করে ঘোষণা দিয়েছেন। জুলাই সনদ থেকে চুল পরিমাণ ছাড় দিতে রাজি নয়। জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনে পুনরায় জীবন দিতে হবে।

তিনি আরও বলেন, আগামী ৪-১৮ মে কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ পালনে দায়িত্বশীলদের পরিকল্পিত ভূমিকা পালন করতে হবে। সংগঠনের দূর্বলতা চিহ্নিত করে পক্ষ উপলক্ষে বিশেষভাবে ইউনিট পর্যায়ে পদক্ষেপ নিতে হবে। সংগঠন পদ্ধতির আলোকে ইউনিট পরিচালনার জন্য পক্ষকে কাজে লাগাতে হবে। নিয়মিত প্রোগ্রামাদি বাস্তবায়ন করে আদর্শ ইউনিট গঠনে দায়িত্বশীলদের ভূমিকা পালনা করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, সংগঠনের প্রতিটি স্তরে সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন টীম ভিত্তিক মনিটরিং করতে হবে। সকল জনশক্তির মান সংরক্ষণে দায়িত্বশীলদের আরও ভূমিকা পালন করতে হবে। বায়তুলমাল সমৃদ্ধ করার পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। পাঠাগারকে সমৃদ্ধ করার লক্ষ্যে বই বৃদ্ধি ও বিলিকেন্দ্র বৃদ্ধি করার উদ্যোগ নিতে হবে। দূর্বল ইউনিটগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে সংগঠন মজবুতির চেষ্টা করার আহবান জানাচ্ছি।

আরো