ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক শেফস ডে উদযাপন
আন্তর্জাতিক শেফস ডে উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং রিজেন্সি হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউটের (আরএইচটিআই) যৌথ উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত ২৬ অক্টোবর বিকেলে হোটেল প্রাঙ্গণে ‘সেলিব্রেটিং ইন্টারন্যাশনাল শেফস ডে উইথ ফিউচার শেফস অ্যাট ঢাকা রিজেন্সি’ শীর্ষক এ অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন স্বনামধন্য স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে অভিজ্ঞ শেফদের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষার্থীরা হাতে-কলমে বিভিন্ন রেসিপি তৈরির কৌশল শেখে। পাশাপাশি পেশাদার রান্নার শিল্প, সৃজনশীলতা ও আধুনিক রান্নার কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায় তারা।
আয়োজকদের এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের মধ্যে রন্ধনশিল্পের প্রতি আগ্রহ সৃষ্টি, উদীয়মান প্রতিভার বিকাশ এবং ভবিষ্যতের জন্য দক্ষ ও সৃজনশীল শেফ গড়ে তোলা।
এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা রান্নাকে শুধু দৈনন্দিন কাজ হিসেবে নয়, বরং একটি সৃজনশীল ও সম্ভাবনাময় পেশা হিসেবে জানার সুযোগ পায়। একই সঙ্গে আতিথেয়তা ও হসপিটালিটি খাতে দক্ষ জনবল তৈরির পথও সুগম হয়।
