রবিবার, ৭ জুন, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত না হলে ব্যাংক খাতে স্থিতিশীলতা ও জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে সরকার একটি সংস্কার কমিশন গঠন করবে।

রোববার (৭ জুন) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘ব্যাংকখাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে গণমাধ্যম ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব বিষয়ে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের অবদান উল্লেখযোগ্য।

তিনি বলেন, অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় গণমাধ্যমকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অতীতে ভুল পরিসংখ্যান ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে দেশের অর্থনৈতিক চিত্র বিকৃত করা হয়েছে। তাই টেকসই অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বস্তুনিষ্ঠ ও জবাবদিহিতামূলক সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে।

সুশাসন নিশ্চিত করতে ব্যাংকিং খাতে সরকার সংস্কার কমিশন গঠন করবে জানিয়ে তিনি বলেন, তবে রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়ায় সুশাসন প্রতিষ্ঠিত না হলে গণমাধ্যম একা ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে পারবে না।

জহির উদ্দিন স্বপন বলেন, রাষ্ট্র যদি কোনো ধরনের তথ্য বিকৃতি বা ম্যানিপুলেশনের সঙ্গে জড়িত থাকে, তাহলে বাস্তব চিত্র পরিবর্তন করা সহজ হয়ে যায়। তাই কোনো তথ্য প্রকাশের আগে এর পেছনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রয়েছে কি না, সেটিও যাচাই করা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমকে সর্বোচ্চ স্বাধীনতা ও সুযোগ দিতে হবে।

মন্ত্রী বলেন, গণমাধ্যম সমাজের আয়নার মতো। সেই আয়না যদি স্বচ্ছ না হয়, তাহলে তা জনগণের জন্য বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রকৃত পরিস্থিতির প্রতিফলন ঘটাতে গণমাধ্যমকে স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সেমিনারে বক্তারা বলেন, ব্যাংক খাতের সুশাসনের সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। তাই এ খাতে সুশাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যেসব ব্যাংক সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে পেরেছে, তারা তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে।

আরো