রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ

নৌ পুলিশের তৎপরতায় দৌলতদিয়ায় বড় দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

আলী আহসান রবি

নৌ পুলিশের সময়োচিত সতর্কতা ও দ্রুত পদক্ষেপের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে এক ভয়াবহ বাস দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছেন অর্ধশতাধিক যাত্রী। আজ সকাল আনুমানিক ৯টার দিকে দৌলতদিয়া ঘাটের ৭নং পন্টুনে এই ঘটনা ঘটে।

ঘাট সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আজ সকালে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি দূরপাল্লার বাস ফেরিতে ওঠার উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাটের পন্টুনের দিকে আসছিল। পন্টুনে নামার পূর্বেই সেখানে দায়িত্বরত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দূরদর্শিতার পরিচয় দিয়ে বাসটি থামিয়ে যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার নির্দেশ দেন। যাত্রীরা নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পর, বাসের চালক ও হেলপার গাড়িটি নিয়ে ফেরিতে ওঠার চেষ্টা করেন। ঠিক তখনই বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

বাসটি নদীতে পড়ে যাওয়ার সাথে সাথেই ঘাটে কর্তব্যরত নৌ পুলিশের সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন। তাদের দ্রুত ও সাহসী পদক্ষেপে বাসের চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।
নৌ পুলিশের এমন দায়িত্বশীল ও মানবিক ভূমিকার কারণে অর্ধশতাধিক যাত্রী এক নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। এই ঘটনার পর ঘাটে উপস্থিত সাধারণ মানুষ এবং যাত্রী সাধারণ নৌ পুলিশের এই বীরত্বপূর্ণ ও সময়োচিত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

নৌ পুলিশ সবসময় জনগণের জানমালের নিরাপত্তায় এবং যেকোনো দুর্যোগে এভাবে পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরো